আজকাল ওয়েবডেস্ক: একটু নার্ভাস ছিলেন। দেশের হয়ে অভিষেকের আগে। মায়াঙ্ক যাদব ও নীতীশ কুমার রেড্ডি। গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি২০ ম্যাচে অভিষেক হয়েছে দুই ক্রিকেটারেরই। দুই ক্রিকেটারকেই মাঠে নামার আগে ও খেলা চলাকালীন মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দিয়ে গিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
স্পিডস্টার মায়াঙ্ক ম্যাচে নিয়েছেন এক উইকেট। আর রেড্ডি ছিলেন ১৬ রানে অপরাজিত। বিসিসিআই টিভিকে মায়াঙ্ক বলেছেন, ‘আমাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে সূর্য ভাই। রান আপ নিয়ে কথা বলতে যাওয়ার সময় বলেছিল, যেটা ভাল মনে হয় সেটাই করো। অভিষেকের সময় জোরে বোলারের জন্য এটা খুবই জরুরি পরামর্শ। আমি কৃতজ্ঞ।’ নীতীশ বলেছেন, ‘সূর্য ভাই খুবই ঠাণ্ডা মাথার অধিনায়ক। দারুণ ক্যাপ্টেন্সি করছে। আমাদের উপর কোনও চাপ দেয়নি। অভিষেক ম্যাচের আগে দু’জনেই নার্ভাস ছিলাম। কিন্তু আমাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। যে কোনও তরুণ ক্রিকেটারের পক্ষে অধিনায়কের কাছ থেকে পরামর্শ পাওয়াটা ভাগ্যের।’
দীর্ঘ চোট সারিয়ে অবশেষে অভিষেক। মায়াঙ্কের কথায়, ‘চোট সারিয়ে ফিরে আসাটা কঠিন ছিল। তাই প্রথম ম্যাচের আগে একটু চাপে ছিলাম।’ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভারটাই মেডেন। তাও আবার টি২০ ম্যাচে। মায়াঙ্ক বলেছেন, ‘খুব ভাল লাগছে। শুধু জায়গায় বলটা রাখতে চেয়েছিলাম। অতকিছু ভাবিনি।’ এদিকে নীতীশ বলেছেন, ‘দেশের হয়ে খেলার স্বপ্ন পূর্ণ হল। চাপ তো একটা ছিলই। কিন্তু সিনিয়র ক্রিকেটার থেকে কোচিং স্টাফরা খুব সাহায্য করেছে।’















