আজকাল ওয়েবডেস্ক: আইএসএলে জয়ের খাতা খুলেছে মোহনবাগান। মুম্বই সিটির কাছে আটকে যাওয়ার পর নর্থ ইস্ট ইউনাইটেডকে হারায় হোসে মোলিনার দল। ঘরের মাঠে জোড়া ম্যাচের পর এবারের আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে শুক্রবার বেঙ্গালুরু উড়ে যাচ্ছেন দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্সরা।‌ শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের মুখোমুখি হবে মোহনবাগান। এই ম্যাচেও সম্ভবত পাওয়া যাবে না অ্যালবার্তো রডরিগেজকে। এখনও দলের সঙ্গে অনুশীলন শুরু করেননি তিনি। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধে গত ম্যাচের রক্ষণভাগই খেলবে। তবে শুক্রবার প্র্যাকটিসের পর অ্যালবার্তোকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান মোলিনা। নুনো রেইস দলের সঙ্গে যোগ দিলেও, আপাতত তাঁকে আইএসএলের জন্য নথিভুক্ত করানোর ভাবনা নেই। কেউ চোট পেয়ে পুরো মরশুম থেকে ছিটকে গেলে, তখন ভাবা হবে। বর্তমানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্যই পর্তুগিজ ডিফেন্ডারকে আনা হয়েছে।

আগের ম্যাচে সবুজ মেরুন জার্সিতে অভিষেক হয় জেমি ম্যাকলারেনের। শেষ ১৫ মিনিট মতো খেলেন। বেঙ্গালুরুর বিরুদ্ধে কি তাঁকে আরও বেশি সময়ের জন্য মাঠে দেখা যাবে? মোলিনা জানিয়ে দিলেন, প্রথম একাদশে থাকার সম্ভাবনা নেই বিশ্বকাপারের।‌ এখনও সম্পূর্ণ ফিট নন। তবে পরিবর্ত ফুটবলার হিসেবে নামবেন তিনি। এই প্রসঙ্গে মোলিনা বলেন, 'ম্যাকলারেন প্রতিদিন উন্নতি করছে। নিজেকে ১০০ শতাংশ ফিট করে তোলার চেষ্টা চালাচ্ছে। ও গ্রেট প্লেয়ার। তবে মোহনবাগানের অ্যাটাকিং লাইন আপে জায়গা পাওয়া সহজ নয়। দলে ভাল ফুটবলার রয়েছে। আমরা সেরা একাদশ নামানোর চেষ্টা করব। আগের ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে গোলের সুযোগ পেয়েছিল জেমি এবং জেসন। কামিন্সের গোলে আমরা জিতি। আমাদের দলে এমন প্লেয়ার আছে যারা শেষ মুহূর্তে নেমে গোল করে দলকে জেতাতে পারে। এটাই দরকার।' 

এবার বেঙ্গালুরু দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। জোড়া ম্যাচ জিতে দারুণ শুরু করেছে সুনীল ছেত্রীরা। ডুরান্ড কাপে হারলেও কান্তিরাভায় বেঙ্গালুরুকে হারানো সহজ নয়। তবে বাগান কোচ জানিয়ে দিলেন, হোম হোক বা অ্যাওয়ে, তাঁদের লক্ষ্য তিন পয়েন্ট। মোলিনা বলেন, 'বেঙ্গালুরু শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে ডুরান্ড কাপে খেলেছি। আমরা তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করব। হোম হোক বা অ্যাওয়ে, আমাদের মনোভাব একই থাকবে। আমি চাইব দল একইভাবে খেলুক। প্রতিপক্ষ এবং প্রতিযোগিতা যাই হোক না কেন, একটা লক্ষ্য নিয়ে খেলা উচিত। অবশ্যই সমর্থকদের সামনে খেলার প্রেরণা আলাদা। তবে মাঠের মধ্যে এগারোর বিরুদ্ধে এগারোকেই খেলতে হবে।' ২ অক্টোবর ইরানে ট্রাক্টর এফসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে মোহনবাগানের। ফিরেই ৫ অক্টোবর মহমেডানের বিরুদ্ধে মিনি ডার্বি। বিনা প্রস্তুতিতে নামতে হবে। সঙ্গে থাকবে যাত্রার ধকল। আইএসএলের সূচি নিয়ে বিরক্তি প্রকাশ বাগান কোচের। মোলিনা বলেন, 'সূচি আমাদের সাহায্য করছে না। ইরান থেকে ৪ অক্টোবর ফিরেই পরের দিন খেলতে হবে। কলকাতায় প্রস্তুতির জন্য একদিনও পাব না। আইএসএল কর্তৃপক্ষের বিষয়টা নিয়ে ভাবা উচিত ছিল। যেই দলগুলো আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করছে, তাঁদের সাহায্য করতে হবে। ভারতীয় ফুটবল নিয়ে ভাবা উচিত।' 

মোলিনার সঙ্গে সুর মেলালেন দিমিত্রি পেত্রাতোস। জানিয়ে দিলেন, বেঙ্গালুরু থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরাই লক্ষ্য। চলতি মরশুমে এখনও সেরা ছন্দে পাওয়া যায়নি অজি তারকাকে। নিজের পারফরমেন্স নিয়ে কতটা খুশি তিনি? দিমিত্রি বলেন, 'সবে মরশুম শুরু হয়েছে। মাত্র দুটো ম্যাচ হয়েছে। ফুটবলার হিসেবে আমি প্রতিনিয়ত উন্নতি করতে চাই। তবে দিনের শেষে এটা টিমগেম। তবে আমি কঠোর পরিশ্রম করে যাব। গোল করার, গোল করতে সাহায্য করার চেষ্টা করব। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ড্র দিয়ে শুরু করায় আমরা অবশ্যই হতাশ। তবে দেখতে গেলে, মরশুমের শুরুতে এটা খারাপ রেজাল্ট নয়।' এর আগে একাধিক ম্যাচে জেমির সঙ্গে জুটি বেঁধে খেলেছেন। কিন্তু ভারতে এখনও সেই সুযোগ হয়নি। দিমি মনে করছেন, দ্রুত সেই আশা পূরণ হবে।