আজকাল ওয়েবডেস্ক: চলছে টি–২০ বিশ্বকাপ। তার মধ্যেই রবি শাস্ত্রী সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে সম্মানিত করার সিদ্ধান্ত নিল মুম্বই ক্রিকেট সংস্থা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসছে রবি শাস্ত্রীর নামে স্ট্যান্ড। এই ঘোষণা করেছে এমসিএ। তবে শুধু শাস্ত্রী নন, ভারতের আরও তিন প্রাক্তন ক্রিকেটারকে সম্মানিত করা হবে। প্রয়াত দিলীপ সরদেশাই, প্রয়াত একনাথ সোলকার ও ডায়ানা এডুলজির নামে গেট নামকরণ হবে।
ভারতের প্রাক্তন অলরাউন্ডার এবং কোচ ধারাভাষ্যকার হিসাবেও জনপ্রিয়। খেলা ছাড়ার পর অধিকাংশ সময় তাঁকে ধারাভাষ্যকারের ভূমিকাতেই দেখা গিয়েছে। তাই ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রেস বক্সের নীচে লেভেল ওয়ান স্ট্যান্ডটি শাস্ত্রীর নামে করার সিদ্ধান্ত নিয়েছে এমসিএর অ্যাপেক্স কাউন্সিল।
এটা ঘটনা, মুম্বই থেকেই উত্থান শাস্ত্রীর। তারপর দেশের হয়ে ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে খেলেছেন। ভারতকে নেতৃত্বও দিয়েছেন প্রাক্তন অলরাউন্ডার। ছিলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য। আবার তাঁর কোচিংয়েই টেস্টে একাধিপত্য ছিল বিরাট কোহলিদের।
এদিকে, স্টেডিয়ামের ৩ নম্বর গেটের নাম হবে প্রয়াত সরদেশাইয়ের নামে। ৬ নম্বর গেট হবে প্রয়াত সোলকারের নামে। ৫ নম্বর গেট হবে ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক এডুলজির নামে।
এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক বলেছেন, ‘আমরা রবি শাস্ত্রীর নামে একটি স্ট্যান্ডের নামকরণের সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটের বিভিন্ন ভূমিকায় শাস্ত্রীর অবদান অসাধারণ। মুম্বইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে শাস্ত্রীর নাম নিয়ে আলোচনা হয়েছিল। সেখানেই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ভারতের তিন প্রাক্তন ক্রিকেটার দিলীপ সরদেশাই, একনাথ সোলকার এবং ডায়ানা এডুলজির নামে স্টেডিয়ামের তিনটি গেটের নামকরণের সিদ্ধান্ত হয়েছে। এমসিএ সব সময় প্রাক্তন ক্রিকেটারদের অবদানকে স্বীকৃতি দিতে আগ্রহী।’
এদিকে, সম্মানিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এডুলজি। তিনি বলেছেন, ‘এমসিএ সভাপতি এবং অ্যাপেক্স কাউন্সিলকে ধন্যবাদ। ওয়াংখেড়ে স্টেডিয়ামের পাঁচ নম্বর গেট আমার নামে করার সিদ্ধান্তে দ্বিগুণ সম্মানিত বোধ করছি। এটা শুধু আমার ক্রিকেট সাধনার স্বীকৃতি নয়। রেলওয়ে স্পোর্টসে আমার অবদানের স্বীকৃতিও।’
