আজকাল ওয়েবডেস্ক: আচমকা শ্রীলঙ্কা ক্রিকেটে ঝড়। গণপদত্যাগ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একাধিক কর্তার। বোর্ড সভাপতি শাম্মী সিলভা পদত্যাগ করেন। বুধবার একটি বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র সিলভা নয়, কার্যকরী কমিটির সদস্য সহ বাকি কর্মকর্তারাও পদত্যাগ করেন। বোর্ডের বিবৃতিতে বলা হয়, 'শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি পদত্যাগ করেছে। তাঁর পাশাপাশি, কার্যকরী কমিটির সদস্য এবং বোর্ডের কর্মকর্তারাও ইস্তফা দিয়েছে।' ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামেজ এবং অনুরা কুমারা দিশানায়েকেকে পদত্যাগ পত্র জমা দেয়। ২০১৯ সালে প্রথমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি হন সিলভা। টানা চারবার এই পদের জন্য মনোনীত হন। তারমধ্যে বেশিরভাগ সময়ই বিনা লড়াইয়ে জিতেছেন। 

সিলভার জমানায় যথেষ্ট সাফল্য পেয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট। এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কার ছেলেদের এবং মেয়েদের দল। তবে আইসিসি টুর্নামেন্টে জোটে ব্যর্থতা। ২০২৩ বিশ্বকাপে ব্যর্থতার পর ২০২৪ এবং ২০২৬ টি-২০ বিশ্বকাপেও ব্যর্থ হয়। আন্তর্জাতিক ক্রমতালিকায় প্রভাব পড়ে। সদ্য হেড কোচ হিসেবে নিযুক্ত গ্যারি কারস্টেনও বাঁচাতে পারেনি। বরং, প্রশাসনিক বদলের দাবি তোলেন। গণ ইস্তফার কোনও কারণ জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে শ্রীলঙ্কার ক্রিকেটে এটা বড় ধাক্কা। বড় রদবদলের মুখে শ্রীলঙ্কার ক্রিকেট। সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব নিয়েছে শ্রীলঙ্কা সরকার। বোর্ডে শ্রীলঙ্কা সরকারের হস্তক্ষেপের পর পদত্যাগের সিদ্ধান্ত নেয় সিলভা সহ বাকিরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত নতুন কমিটি গঠন করা হবে। সেই কমিটিই বোর্ডের নিয়মিত কাজকর্মের দেখভাল করবে। দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ উঠছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। যার প্রভাব পড়ে পারফরম্যান্সের ওপর। তাই শ্রীলঙ্কা ক্রিকেটের পুরো খোলনলচে বদলে ফেলতে চাইছে সরকার।