আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ আইপিএলেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে দেখা যাবে রোহিত শর্মাকে? সম্ভাবনা রয়েছে যথেষ্টই। ২০২৫ আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে দেখা গিয়েছিল রোহিতকে। এবারও তাঁকে নিয়ে সেই পরিকল্পনাই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের। এমনটাই জানিয়েছেন হেড কোচ মাহেলা জয়বর্ধনে।
যদিও গতবার রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানোয় যথেষ্ট সমালোচনা শুনতে হয়েছিল মু্ম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষকে। প্রাক্তন অধিনায়ককে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও জয়বর্ধনে তখন জানিয়েছিলেন, রোহিতের ছোটখাট চোট রয়েছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই এই সিদ্ধান্ত।
এবার জয়বর্ধনে বলেছেন, ‘রোহিতের বড় ভূমিকা রয়েছে দলে। আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব রোহিতকে মাঠে রাখার। আমরা বোলার বা ইমপ্যাক্ট প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারি। ম্যাচের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। মাঠে কাকে বেশি প্রয়োজন, সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’ জয়বর্ধনে অবশ্য বলেছেন, এবারের আইপিএলেও বেশ কিছু ম্যাচে রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হতে পারে। জয়বর্ধনে বলেছেন, ‘এবার আমাদের দলে বেশ কিছু ভাল অলরাউন্ডার রয়েছে। অনেক ক্রিকেটারই ব্যাট ও বল করতে পারে। মাঠে অধিনায়কের হাতে বেশ কিছু বিকল্প থাকবে। আমরা প্রতিপক্ষের শক্তি বিচার করে প্রথম একাদশ নির্বাচন করব। ম্যাচের পরিস্থিতি বিচার করে ইমপ্যাক্ট প্লেয়ার নির্বাচন করা হবে। আমাদের দলে দু’জন অলরাউন্ডার নয়। একজন রোহিত। আর দ্বিতীয় জন সূর্যকুমার যাদব। দু’জনেই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। আমরা তাই আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
আইপিএলে এবার মুম্বইয়ের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। খেলা ২৯ মার্চ ওয়াংখেড়েতে।
