আজকাল ওয়েবডেস্ক:‌ নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর রোহিতকে টেস্টে আর অনেকেই ক্যাপ্টেন চাইছেন না। এই মুহূর্তে রোহিতের ডেপুটি বুমরা। তাহলে কী বুমরাই অধিনায়ক হবেন আগামীদিনে?‌ কিন্তু দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলছেন, দায়িত্বটা ঋষভ পন্থকে দেওয়া হোক।


প্রসঙ্গত, বর্ডার–গাভাসকার ট্রফিতে খারাপ কিছু হলে ক্যাপ্টেন্সি চলে যেতে পারে রোহিতের। সেক্ষেত্রে প্রথম পছন্দ হতে পারেন ঋষভ। কাইফের কথায়, ‘‌এই বর্তমান দলে একমাত্র ঋষভই আছে যে রোহিতের জায়গা নিতে পারে। যে কোনও উইকেটে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ক্ষমতা রয়েছে পন্থের। যে কোনও পজিশনে নেমে দলকে জেতাতে পারে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ায় পন্থ রান পেয়েছে। সিমিং হোক বা টার্নিং ট্র‌্যাক, যে কোনও উইকেটে রান করেছে ঋষভ।’‌


ওয়াংখেড়েতে ঋষভই ছিলেন ভারতের আশা। যতক্ষণ খেলছিলেন ভারতের জয়ের আশা ছিল। তিনি আউট হতেই সব শেষ। তাই কাইফ বলেছেন, ‘‌ঋষভ টেস্ট থেকে যখন অবসর নেবে তখন কিংবদন্তির আখ্যা পাবে। উইকেটকিপিংয়ে অনেক উন্নতি করেছে। ওয়াংখেড়েতে যতক্ষণ উইকেটে ছিল, কিউয়িরা চাপে ছিল। তাই ভবিষ্যতের কথা ভেবে পন্থকেই টেস্টে পরবর্তী অধিনায়ক ঘোষণা করা উচিত।’‌ 


তবে বোর্ডের মাথায় টেস্টে পরবর্তী অধিনায়ক হিসেবে বুমরার নামই ঘুরছে।