আজকাল ওয়েবডেস্ক: ২৪ ঘণ্টাও হয়নি ভারতকে হারিয়ে রেকর্ড করেছে। পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের হেড কোচ হেনরিচ মালান। রবিবার টিম ইন্ডিয়াকে ১ রানে হারিয়ে ইতিহাসে নাম তুলেছে আইরিশরা। যেকোনও ফর্ম্যাটে ভারতের বিরুদ্ধে আয়ারল্যান্ডের প্রথম জয়। বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৪ রানে জেতে আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে মাত্র ১ রানে হার শ্রেয়স আইয়ারদের। ২০ ওভারে ৮ উইকেট ১৫৪ রান করে আয়ারল্যান্ড। রান তাড়া করতে নেমে মাত্র ১ রান দূরে থামে ভারত। প্রিন্স যাদব শেষ বলে ছয় মারলেও লক্ষ্যে পৌঁছতে পারেনি।
একটি বিবৃতিতে মালান বলেন, 'এই প্লেয়ারদের সঙ্গে কাজ খুবই উপভোগ করেছি। স্টাফ এবং ক্রিকেট সম্প্রদায়ের সঙ্গে কাটানো সময় মূল্যবান অভিজ্ঞতা। আমি এবং আমার পরিবার খুব ভাল সময় কাটিয়েছি। আমরা মেলবোর্নে টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছি। আবু ধাবিতে আফগানিস্তানকে টেস্টে হারিয়েছি। বেলফাস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্ট জিতেছি। ঘরের মাঠে টি-২০ সিরিজে ভারতকে হারিয়েছি। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ছাড়পত্র সংগ্রহ করেছি। এই স্মৃতিগুলো থেকে যাবে।'
২০২৭ পর্যন্ত চুক্তি ছিল মালানের। কিন্তু আগেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন ৪৫ বছরের দক্ষিণ আফ্রিকান। ক্রিকেট আয়ারল্যান্ড জানান, মালান মনে করেন, নতুন কোচের দায়িত্ব নেওয়ার এটাই সেরা সময়। ২০২৭ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলবে আয়ারল্যান্ড। নতুন কোচের অধীনে প্রস্তুতি শুরু করবে আইরিশরা। ২০২২ সালে তিন সালের চুক্তিতে আয়ারল্যান্ডের হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয় মালানকে। ২০২৪ সালে চুক্তির মেয়াদ বাড়ানো হয়। তাঁর কোচিংয়ে টানা তিনবার টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা জয় এসেছে ২০২২ বিশ্বকাপে। হারায় ইংল্যান্ডকে। দেশের তিনটে টেস্ট জয়ই তাঁর কোচিংয়ে। যার মধ্যে রয়েছে প্রথম টেস্ট জয়ও। অগাস্টে আফগানিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে আয়ারল্যান্ড। গ্যারি উইলসনকে কোচ হিসেবে নিযুক্ত করে ক্রিকেট আয়ারল্যান্ড। ২০২০ সালে অবসরের আগে ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে আয়ারল্যান্ডের হয়ে ২৯২ ম্যাচ খেলেন উইলসন।















