আজকাল ওয়েবডেস্ক: গোটা টি-২০ বিশ্বকাপে ব্যর্থ। ফাইনালে বাজিমাত অভিষেক শর্মার। কিন্তু তাতে সন্তুষ্ট নয় যোগরাজ সিং। তরুণ বাঁ হাতি ক্রিকেটারকে তুলোধোনা করলেন যুবরাজ সিংয়ের বাবা। ধারাবাহিকতার অভাবের জন্য তাঁর ফোকাস এবং শৃঙ্খলার অভাবকেই দায়ী করেন। টি-২০ বিশ্বকাপে শূন্যের হ্যাটট্রিক দিয়ে শুরু করার পর, সুপার এইটে একটি অর্ধশতরান করেন। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৯ বলে অর্ধশতরান। ৮ ম্যাচে মোট রান ১৪১। কিন্তু সমালোচনা থেকে বেঁচে থাকতে পারেননি। অভিষেককে তুলোধোনা করেন যুবরাজের বাবা।
যোগরাজ বলেন, 'তুমি ব্যর্থ হচ্ছো, কারণ তোমার মন অন্য কোথাও আছে। শুভমন গিল এবং অভিষেকের কী হচ্ছে? ব্যর্থতা আসে যখন তোমার মন অন্য কোথাও থাকে। অভিষেকের ক্ষেত্রে সেটাই হচ্ছে। ও রিল করতে থাকে। এটা ওর কাজ নয়। ওর রাত ন'টার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত। সকাল পাঁচটায় ওঠা উচিত। তারপর হাজার বল খেলা উচিত।' যুবির বাবা জানান, উচ্চপর্যায় কর্মসংস্কৃতি পার্থক্য গড়ে দেয়। অভিষেকের উত্থানের পেছনে হাত রয়েছে যুবরাজের। কোভিডের সময় অভিষেক এবং শুভমনকে নিজের বাড়িতে রাখেন। যোগরাজ দাবি করেন, যুবির কাছাকাছি পৌঁছতে আরও একটি জন্ম লাগবে। তিনি বলেন, 'যুবরাজ সিংয়ের কাছাকাছি পৌঁছতে ওর আরও এক জন্ম লাগবে। পৃথিবীটা শৃঙ্খলার ওপরে চলে। ক্রিকেটারদেরও সেটা মেনে চলা উচিত। ক্রিকেটারদের ভুল কোথায় হচ্ছে? পার্টি, মেয়ে, টাকা, শুটিং। সর্বক্ষণ এই নিয়ে থাকে ওরা।'
ব্যাট হাতে অভিষেকের মনোভাবের কটাক্ষ করেন যোগরাজ। অতিরিক্ত এরিয়াল শট মারা নিয়ে সমালোচনা করেন। যোগরাজ বলেন, 'আমি ওর ওপর বীতশ্রদ্ধ। মাঝেমধ্যে আমি ওকে মেসেজ করে বলি, খেলাটাকে হালকাভাবে নিও না। ও সবসময় বলে, 'হ্যাঁ স্যার'। সিঙ্গল, ডবল এবং বাউন্ডারি বলেও কিছু হয়। প্রত্যেকবার বল আকাশে মারা যায় না। সবসময় ছক্কা হাঁকিয়ে সমর্থকদের মনোরঞ্জন করা যায় না। ব্যর্থ হতে বাধ্য।' অভিষেকের ভয়ডরহীন ব্যাটিং ভারতের বড় সম্বল। কিন্তু একইসঙ্গে উচ্চপর্যায় সাফল্য ধরে রাখতে হলে ধারাবাহিকতা, শৃঙ্খলাবদ্ধতা এবং ম্যাচ সতর্কতা প্রয়োজন। এটাই আরও একবার মনে করিয়ে দিলেন যুবরাজের বাবা।















