আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলেননি। তারওপর ডাগআউটেও নেই। কেন মিসিং এমএস ধোনি? প্রশ্নে জেরবার চেন্নাই সুপার কিংস শিবির। তাহলে কি শেষ আইপিএল খেলে ফেলেছেন ক্যাপ্টেন কুল? নানান প্রশ্ন উঠছে। এবার ধোনির ডাগআউটে না থাকার কারণ জানালেন মাইক হাসি। ধোনির আত্মত্যাগের কথা তুলে ধরলেন সিএসকের ব্যাটিং কোচ। জানান, ইচ্ছাকৃতভাবে ডাগআউটে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। যাতে দলের ফোকাস না সরে যায়। হাসি বলেন, 'এমএস ধোনি বরাবরই টিম কেন্দ্রিক। আদ্যোপান্ত টিমম্যান। সবসময় দলের সেরাটাই চায়। ও ভয় পাচ্ছিল, ভাবছিল ডাগআউটে থাকলে দলের ফোকাস নষ্ট হতে পারে। ক্যামেরা ওর দিকেই থাকবে বেশিরভাগ সময়। সমর্থকরা ওর হয়ে গলা ফাটাবে। ও চেয়েছিল দল বিনা দ্বিধায় খোলা মনে খেলুক।' 

প্রাক মরশুম প্রস্তুতি থেকে দলের সঙ্গে ধোনি। কিন্তু আইপিএল শুরু হওয়ার ঠিক আগে কাফ মাসেলে চোট পান। এখনও ম্যাচে ফিরতে পারেননি। স্পটলাইট যাতে শুধুই দলের ওপরে থাকে, সেই কারণে নিজেকে ডাগআউট থেকে দূরে রেখেছেন। হাসি বলেন, 'ওর সিদ্ধান্ত সঠিক না ভুল, সেটা আমি বিচার করতে পারি না। তবে এই ভাবনার জন্যই ধোনি ম্যাচে আসছে না।' ম্যাচের দিন দেখা না গেলেও, নিয়মিত ট্রেনিংয়ে যোগ দিচ্ছেন। জুনিয়র প্লেয়ারদের সঙ্গে আলোচনা করছেন। দ্রুত ধোনির ম্যাচে ফেরার ইঙ্গিত দেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ। হাসি বলেন, 'আশা করছি ও দ্রুত মাঠে ফিরবে। সেটা ঠিক কবে এখনও জানি না, তবে ও সম্পূর্ণ ফিট হয়ে উঠছে। রানিং স্পিড বাড়ানোর চেষ্টা করছে। ওর ব্যাটিং এবং উইকেট কিপিংয়ের দক্ষতা নিয়ে আমাদের কোনও প্রশ্ন নেই। শুধু রানিং বিটুইন উইকেটের গতি বাড়াতে হবে। যেদিন ও আত্মবিশ্বাস ফিরে পাবে, মনে করবে পুরো ফিট, সেদিনই নামবে।' 

কয়েকদিন আগে একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্টে বলা হয়, ধোনি চোট সারিয়ে মাঠে ফেরার জন্য তৈরি। সম্পূর্ণ ফিট। কিন্ত তাসত্ত্বেও কেন চেন্নাই সুপার কিংসের ম্যাচে দেখা যাচ্ছে না এমএস ধোনিকে? সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, গুজরাট টাইটানস ম্যাচের আগে দলের ভারসাম্য নষ্ট করতে চাননি প্রাক্তন অধিনায়ক। টিম কম্বিনেশন ভাঙার পক্ষপাতী নন। গত এক সপ্তাহে দলের সঙ্গে পুরোদমে প্র্যাকটিসে যোগ দিলেও, এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি ধোনি। রিপোর্ট অনুযায়ী, ফিটনেস পরীক্ষায় পাস করে গিয়েছেন ধোনি। কিন্তু দলে একজন তরুণ ক্রিকেটারের জায়গা কাড়তে চান না। একই সঙ্গে শেষ কয়েক ম্যাচে দলের কম্বিনেশনও ভাঙতে চাননি। এবার দল যাতে ফোকাস ধরে রাখতে পারে, তাঁর দিকে যাতে অত্যধিক লাইমলাইট না যায়, নিজেকে দূরে সরিয়ে রেখেছেন ধোনি।