আজকাল ওয়েবডেস্ক: দরজায় কড়া নাড়ছে আইপিএল। মাঝে আর মাত্র একটি দিন। শনিবার থেকে শুরু কোটিপতি লিগ। রবিবার ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যাত্রা শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গেল মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। সদ্য টি-২০ বিশ্বকাপ জিতেছেন সূর্যকুমার যাদব। আইপিএলে তিনি কি খেলবেন হার্দিক পাণ্ডিয়ার অধীনে? নাকি আবার নেতৃত্ব বদল হবে মুম্বইয়ের? অধিনায়ক বদলের হওয়ার মধ্যেই মহম্মদ কাইফকে পাশে পেলেন হার্দিক পাণ্ডিয়া। আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্সকে হুঁশিয়ারি ভারতের প্রাক্তনীর। সরাসরি অধিনায়ক না বদল করার বার্তা দিলেন কাইফ। 

ট্রেন্ড অনুযায়ী অধিনায়ক বদল করার অভ্যাস বদলানোর আর্জি জানান। এর আগে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করা হয়। এবার তাঁকে সরিয়ে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করার কথা উঠছে। এই প্রসঙ্গে কাইফ বলেন, 'আমার মনে হয় না মুম্বই ইন্ডিয়ান্সের একই ভুল করা উচিত। রোহিতকে সরিয়ে হার্দিককে আনার পর ভুগতে হয়েছে। নতুন ভূমিকায় ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে হার্দিক। গত বছর মুম্বই কোয়ালিফায়ার ২ খেলে। অধিনায়ক হিসেবে ভালই করেছে হার্দিক। সূর্যকুমার যাদব অবশ্যই একটা বিকল্প। কিন্তু রোহিত শর্মার সঙ্গে যা হয়েছে, সেটা হওয়া উচিত নয়। হার্দিক পাণ্ডিয়া গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করে ফেরার পর ওকে অধিনায়ক করা হল। বার্তা দেওয়া হয়, চ্যাম্পিয়ন অধিনায়ক বলে ওকে নেতা করা হবে। হার্দিক হট টপিক ছিল, তাই ওকে সমর্থন করা হয়। এবার সূর্যকুমার যাদব চর্চায়। পরের বছর অন্য একজন চলে আসবে। তখন কি সূর্যকে সরিয়ে দেওয়া হবে?'

মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে একাধিক অভিজ্ঞ প্লেয়ার রয়েছে। রোহিত এবং সূর্যকুমার, দু'জন টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক। মুম্বইকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেন রোহিত। কিন্তু তারপরও তাঁকে সরানো হয়। গুজরাট টাইটান্স থেকে ফিরেই মুম্বইয়ের নেতৃত্ব পান হার্দিক। এরপরও গতবছর দল প্লে অফে ওঠে। এবার সূর্যকুমারের নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জেতায়, আবার নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই স্কাইকে মুম্বইয়ের নেতৃত্বে দেখতে চান। তবে অধিনায়কত্বে বদল চান না কাইফ। আসন্ন আইপিএলেও হার্দিককে নেতা হিসেবে দেখতে চান ভারতের প্রাক্তনী।