আজকাল ওয়েবডেস্ক: ডু অর ডাই ম্যাচ জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের আশা এখনও বেঁচে কেকেআরের।
প্লে-অফের দৌড়ে টিকে থাকতে শেষ তিনটি ম্যাচ জিততেই হত কলকাতা নাইট রাইডার্সকে। শনিবার জেতা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা ছিল না তাদের সামনে।
সেই ম্যাচে শুরুতে ব্যাট করে ২৪৭ রানের পাহাড়প্রমাণ স্কোর তোলে কেকেআর। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও লক্ষ্যই নিরাপদ নয়, তবু এই রান তাড়া করতে নেমে একসময়ে মনে হচ্ছিল গুজরাট বুঝি টপকেই যাবে সেই স্কোর। গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমন গিল অসাধ্য সাধন করতে চেয়েছিলেন। সেই গুজরাট শেষমেশ করল ৪ উইকেটে ২১৮ রান। ২৯ রানে ম্যাচ জিতল অজিঙ্ক রাহানের কলকাতা।
পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে শুভমন গিল ঠিক পথেই এগোচ্ছিলেন। বরুণ চক্রবর্তীর ওভার থেকে ২২ রান নেওয়া, মাঠের যত্রতত্র বল ফেলা, গিল যতক্ষণ ক্রিজে ছিলেন গুজরাটও ঠিকঠাক এগোচ্ছিল। কিন্তু ১৬.২ ওভারে নারিনকে গ্যালারিতে ফেলতে গিয়ে গুজরাট অধিনায়ক ধরা পড়লেন অনুকূল রায়ের হাতে। ৪৯ বলে গিলের দুর্দান্ত ৮৫ রানের ইনিংস শেষ হওয়ার পরেই গুজরাট টাইটান্সের সমর্থকরা বুঝতে পেরেছিলেন ম্যাচ হয়তো অন্যদিকে ঘুরতে চলেছে।
তবুও মরিয়া একটা চেষ্টা করছিলেন জস বাটলার ও সাই সুদর্শন। শুরুতে চোট পেয়ে সুদর্শন অবসৃত হয়েছিলেন। কিন্তু গিল ফেরার পর জয়ের সমীকরণ ক্রমশ কঠিন থেকে কঠিনতর হতে শুরু করে গুজরাটের সামনে। বাটলার ফেরেন ৫৭ রানে। শেষ ২ ওভারে জয়ের জন্য গুজরাটের দরকার ছিল ৪৫ রান। সেই রান করা আর সম্ভব হয়নি গুজরাটের পক্ষে। শেষ পর্যন্ত গুজরাট টাইটান্স থামল ২১৮ রানে। ম্যাচ জিতে কেকেআর উঠে এল সাত নম্বরে।
এর আগে টস জিতে প্রথমে কেকেআরকে ব্যাট করতে পাঠান গুজরাট অধিনায়ক শুভমন গিল। শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি নাইটদের। অধিনায়ক রাহানে ১৪ বলে ১৪ রান করে ফেরেন। সিরাজের দারুণ ইনসুইং ডেলিভারি যেন বুমেরাংয়ের মতো ঘুরে এসে ভেঙে দেয় রাহানের স্টাম্প।
তবে রাহানের বিদায়ে কোনও প্রভাব পড়েনি কেকেআরের রানে। কারণ একপ্রান্তে তখন তাণ্ডব চালাচ্ছেন ফিন অ্যালেন। গুজরাটের বোলারদের মাঠের চারদিকে ছড়িয়ে দিচ্ছিলেন তিনি। অন্যদিকে তরুণ অঙ্গকৃষ রঘুবংশী খেলছিলেন অত্যন্ত পরিণত ইনিংস। বেশিরভাগ সময় স্ট্রাইক তুলে দিচ্ছিলেন অ্যালেনকে, আর অ্যালেন সেই সুযোগ কাজে লাগিয়ে ছক্কার বন্যা বইয়ে দেন।
অ্যালেন আউট হওয়ার পরও থামেনি কেকেআরের ঝড়। যাঁকে নিয়ে মরসুমজুড়ে সমালোচনা চলছিল, সেই ক্যামেরন গ্রিন ব্যাট হাতে জ্বলে উঠলেন। রঘুবংশী ও গ্রিন মিলে যেন রান তোলার হাইওয়ে খুলে দেন। মাত্র ১৫.৫ ওভারে কেকেআরের স্কোর পৌঁছে যায় ১৯০-এ। অন্যদিকে ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন রঘুবংশীও।
১৭ ওভারেই ২০০ রান পেরিয়ে যায় কলকাতা। এরপর আরও বিস্ফোরক হয়ে ওঠেন রঘুবংশী। গুজরাটের বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া ব্যাটিংয়ে শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৮২ রানে। অন্যদিকে গ্রিনও ৫২ রানে নট আউট থাকেন। গুরুত্বপূর্ণ সময়ে একাধিক ক্যাচ ফেলেন গুজরাটের ফিল্ডাররা, যা দেখে হতাশা লুকোতে পারেননি কোচ আশিস নেহরা। দিনটা ভাল গেল না নেহরার দলের।















