আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার হলোটা কী? আইপিএলে দেখা যাচ্ছে না তাঁকে। ১২ এপ্রিলের পর থেকে আর কোনও ম্যাচে খেলেননি এই অভিজ্ঞ ওপেনার।  চলতি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামেননি তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লিগ পর্বের ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়েন রোহিত। সেই ম্যাচে ব্যাট করতেও পারেননি, মাঝপথেই মাঠ ছাড়তে হয় তাঁকে। যদিও ইতিমধ্যে অনুশীলনে ফিরেছেন এবং নেটে ব্যাটিং করছেন, তবুও এখনও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন তিনি।
টসের সময়ে রোহিতকে নিয়ে আপডেট দেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তিনি জানান, আরও কয়েকটি ম্যাচে রোহিতকে পাওয়া যাবে না।
হার্দিক বলেন, ''রোহিতের ফিরতে আরও কয়েকটা ম্যাচ লাগবে। রোহিত চেষ্টা করছে, কিন্তু এখনও পুরোপুরি ফিট নয়। তাই আপাতত দলে নেই। আমরা চাই, সেরা ক্রিকেটটাই খেলতে, এটাই দলকে এগিয়ে নিতে সাহায্য করবে।''
রোহিতের অনুপস্থিতি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য বড় ধাক্কা হলেও, তাঁর দ্রুত সুস্থ হয়ে দলে ফেরার আশায় রয়েছে সমর্থকেরা।