আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে প্রত্যাশামতো বড় ইনিংস খেলতে না পারলেও আইপিএল ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইতিহাস গড়লেন চেন্নাই সুপার কিংসের সঞ্জু স্যামসন। এদিন চেন্নাই বনাম গুজরাট ম্যাচে ব্যাট হাতে নতুন মাইলফলক স্পর্শ করেন এই তারকা উইকেটকিপার-ব্যাটার।
ম্যাচে নামার আগে ৫,০০০ রানের মাইলফলক থেকে মাত্র ৫ রান দূরে ছিলেন স্যামসন। দ্বিতীয় ওভারেই কাগিসো রাবাদার বলে বাউন্ডারি হাঁকিয়ে তিনি গড়েন অনন্য নজির। মাত্র ১৮০ ইনিংসে এই কীর্তি গড়ে আইপিএলের এলিট ক্লাবে নাম লেখালেন সঞ্জু।
ইনিংসের নিরিখে স্যামসন সপ্তম দ্রুততম হলেও বলের হিসেবে তাঁর পারফরম্যান্স আরও চমকপ্রদ।
মাত্র ৩,৫৫৫ বল খেলেই ৫,০০০ রান পূর্ণ করেছেন স্যামসন। যা টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দ্রুততম। তাঁর আগে রয়েছেন কেবল এবি ডিভিলিয়ার্স এবং ডেভিড ওয়ার্নার।
স্যামসন পিছনে ফেলে দিয়েছেন সুরেশ রায়নাকে। বলের হিসেবে আইপিএলে দ্রুততম ৫,০০০ রানের ভারতীয় ব্যাটার হয়েছেন। পাশাপাশি তিনি ছাপিয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের একাধিক কিংবদন্তিকে। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও ফেলে দিয়েছেন পিছনের সারিতে।
চেন্নাইয়ে ব্যাট হাতে বড় রান পাননি সঞ্জু। ১৫ বলে মাত্র ১১ রানে তিনি আউট হন। এদিন বড় রান না পেলেও নতুন নজির গড়ে আইপিএলে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন চেন্নাই সুপার কিংসের সঞ্জু স্যামসন।
















