আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে বিরল এক সিদ্ধান্তের সাক্ষী থাকল চেন্নাই সুপার কিংস।
দলের তরুণ ব্যাটার আয়ূষ মাহাত্রে অর্ধশতরান করার পর ‘রিটায়ার্ড আউট’ হলেন, যা সিএসকের ইতিহাসে দ্বিতীয় ঘটনা।
শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে২০ বছর বয়সী এই ব্যাটার ৩৬ বলে ৫৯ রান করে মাঠ ছাড়েন। ১৮-তম ওভারে এই সিদ্ধান্ত নেয় দল। তখন সিএসকে ২ উইকেটে ১৭৫ রান তুলে শেষের ওভারগুলোতে বড় স্কোরের দিকে এগোচ্ছিল।
ম্যাচে সঞ্জু স্যামসনের সঙ্গে ১১৩ রানের জুটি গড়েন মাহাত্রে, যা দিল্লির বিরুদ্ধে সিএসকের হয়ে আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। এর চেয়ে বড় জুটি কেবল ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড ২০২৩ সালে ১৪১ রানের ওপেনিং জুটি গড়েছিলেন।
পাওয়ারপ্লের পর ইনিংসের হাল ধরেন মাহাত্রে। প্রথম ছ' ওভারে দলের রান ছিল ৬১। তবে রুতুরাজ ১৮ বলে ১৫ রান করে আউট হলে কিছুটা ধাক্কা খায় সিএসকে। এরপরে মাহাত্রে ও স্যামসন ইনিংস গড়ে তোলেন দারুণভাবে।
দু’জনই ম্যাচে জীবন পান। মাহাত্রে একাধিকবার সুযোগ পান। অন্যদিকে স্যামসন ৫২ রানে জীবন ফিরে পেয়ে ৫২ বলে সেঞ্চুরি করেন।
শেষের দিকে কিছুটা চাপে পড়ে যায় সিএসকে। ১৭-তম ওভারে এনগিডি রান দেননি। ১৮-তম ওভারে নটরাজনের নিখুঁত ইয়র্কারে রান তোলা কঠিন হয়ে যায়।
এই পরিস্থিতিতেই কৌশলগত সিদ্ধান্ত নেয় সিএসকে। মাহাত্রেকে রিটায়ার্ড আউট করে পাঠানো হয় শিবম দুবেকে। নতুন ব্যাটার হিসেবে দুবে দ্রুত রান তোলার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত দলকে ২০০ পার করতে সাহায্য করেন।
এই ম্যাচের মাধ্যমে মাহাত্রে যুক্ত হলেন আইপিএলে ‘রিটায়ার্ড আউট’ হওয়া ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায়। এই তালিকায় রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, অথর্ব তাইদে, সাই সুদর্শন, তিলক ভার্মা ও ডেভন কনওয়ে। এর আগে কনওয়ে ছিলেন সিএসকের প্রথম ব্যাটার যিনি রিটায়ার্ড আউট হয়েছিলেন। মহাত্রে হলেন এই তালিকায় দ্বিতীয়।















