আজকাল ওয়েবডেস্ক: মহিলা বিভাগের বক্সিং প্রতিযোগিতায় নামতে হলে এবার থেকে দিতে হবে লিঙ্গ নির্ধারণ পরীক্ষা। এমনটাই ঘোষণা করেছে ওয়ার্ল্ড বক্সিং। আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফকে মহিলা বিভাগে প্রতিযোগিতা করতে হলে এই পরীক্ষায় পাশ করা ছাড়া কোনও উপায় নেই। ওয়ার্ল্ড বক্সিংয়ের অধীনে বা নিয়ামক সংস্থা অনুমোদিত যে কোনও প্রতিযোগিতার জন্য বাধ্যতামূলক করা হয়েছে এই নিয়ম। খেলিফ গত বছর অলিম্পিকে মহিলাদের ৬৬ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন।
আবার ২০২৩ সালে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে তাকে পুরুষ হিসেবে বিবেচিত করে মহিলা বিভাগ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। কিন্তু অলিম্পিক কমিটির অনুমতি মেলায় তিনি অংশ নিতে পেরেছিলেন। শুক্রবার ওয়ার্ল্ড বক্সিং জানিয়েছে, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের আগে নয়া নিয়ম আনতে চলেছে তারা। ‘Sex, Age and Weight Eligibility Policy’-এর আওতায় সমস্ত প্রতিযোগীর নিরাপত্তা এবং ন্যায্য ভাবে প্রতিযোগিতা আয়োজন করতে বিশেষ পরীক্ষাটি বাধ্যতামূলক করা হয়েছে।
ওয়ার্ল্ড বক্সিংয়ের তরফে আলজেরিয়ান বক্সিং ফেডারেশনকে জানিয়েছে যে, খেলিফ যদি কোনও ওয়ার্ল্ড বক্সিং অনুমোদিত প্রতিযোগিতায় মহিলা বিভাগে অংশ নিতে চান, তাহলে তাঁকে PCR ভিত্তিক জেনেটিক পরীক্ষার মাধ্যমে নিজের জন্মগত লিঙ্গ প্রমাণ করতে হবে। এই পরীক্ষায় Y ক্রোমোজোম বা SRY জিন উপস্থিত থাকলে, সেই অ্যাথলিটদের পুরুষ বিভাগের জন্য উপযুক্ত বলে গণ্য করা হবে। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকে এই নিয়মকে লিঙ্গ বৈষম্যমূলক বললেও ওয়ার্ল্ড বক্সিংয়ের মতে, এই নিয়ম প্রতিযোগিতাকে আরও ন্যায্য করে তুলবে।
