আজকাল ওয়েবডেস্ক: আসন্ন মেয়েদের টি-২০ বিশ্বকাপের থিম সং প্রকাশ করল আইসিসি। গানের টাইটেল 'ওয়াটএভার ইট টেকস।' মেয়েদের পপ গ্রুপ উইশ এই গানটি গেয়েছে। গানের মিউজিক ডিরেক্টর মাইক ম্যাক ক্লিয়ারি। সুরকার পার্থ পারেখ। প্রযোজনায় বে মিউজিক হাউজ। সাউন্ডট্র্যাকের পাশাপাশি মিউজিক ভিডিও প্রকাশিত হয়। সেখানে মহিলা ক্রিকেটের বিভিন্ন খন্ডচিত্র তুলে ধরা হয়েছে। টুর্নামেন্টের সার্বিক প্রিভিউও তুলে ধরা হয়েছে। তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের কথা ভেবেই এই থিম সং বানানো হয়েছে। ভিডিওতে মহিলা তারকা ক্রিকেটারদের যাত্রা তুলে ধরা হয়েছে। মহিলাদের বিশ্বকাপ বলেও শুধুমাত্র মেয়েদের পপ গ্রুপকে দিয়ে থিম সং বানানো হয়েছে।
মেয়েদের টি-২০ বিশ্বকাপের থিম সংয়ের আনুষ্ঠানিক প্রকাশে উচ্ছ্বসিত মেয়েদের ব্যান্ড উইশ। আইসিসির একটি বিবৃতিতে উইশ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, 'মেয়েদের গ্রুপ হিসেবে আইসিসি মহিলাদের টি-২০ বিশ্বকাপের থিম সং গাইতে পেরে আমরা গর্বিত। ক্রিকেট সবাইকে মিলিয়ে দেয়। এরকম একটা টুর্নামেন্টের অঙ্গ হতে পেরে আমরা সম্মানিত। জেমাইমা রডরিগেজ, স্মৃতি মান্ধানাদের ভক্ত হিসেবে আমরা উচ্ছ্বসিত। আমরা তাঁদের হুক স্টেপ দেখতে চাই।' ৩ অক্টোবর শুরু হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। শারজায় উদ্বোধনী ম্যাচ। ২০ অক্টোবর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল।
















