আজকাল ওয়েবডেস্ক: টেস্ট এবং একদিনের আন্তর্জাতিকে বার্ষিক ক্রমতালিকা পেশ করল আইসিসি। তাতে আধিপত্য অস্ট্রেলিয়ার। টেস্টে একনম্বরে ছেলেদের দল। একদিনের ক্রিকেটে প্রথম স্থানে অস্ট্রেলিয়ার মেয়েদের দল। ২০২৫ সালে খেলা সমস্ত ম্যাচের ভিত্তিতেই এই সমীক্ষা করা হয়েছে। আগের দু'বছরের রেজাল্টের ৫০ শতাংশ ধার্য করা হয়েছে। আইসিসির ওয়েবসাইট থেকেই এমন পরিসংখ্যান জানা গিয়েছে। ছেলেদের টেস্ট ক্রমতালিকায় বিশেষ রদবদল নেই। একনম্বর স্থান নিজেদের দখলে রেখেছে অস্ট্রেলিয়া। তিন বেড়ে পয়েন্ট ১৩১। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। তিন পয়েন্ট বেড়ে হয়েছে ১১৯। একধাপ ওপরে উঠে তিন নম্বরে ভারত।
১০৪ পয়েন্ট সংগ্রহ করে আইসিসির ক্রমতালিকায় তিনে শুভমন গিলরা। পেছনে ফেলে দিয়েছে ইংল্যান্ডকে (১০২)। একধাপ নিচে নেমে গিয়েছে থ্রি লায়ন্সরা। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে জেতার পর পাকিস্তানকে ৩-০ তে হারায়। কিন্তু ক্রমতালিকা বিচারের সময় এই সিরিজগুলো ধার্য করা হয়নি। ৩০ এপ্রিল ২০২৩ সালের আগে কোনও সিরিজ জয়ের পয়েন্ট ধরা হয়নি। আইসিসির ক্রমতালিকায় লাভবান হয়েছে পাকিস্তানও। শ্রীলঙ্কাকে (৮৬) পেছনে ফেলে ৮৯ পয়েন্ট সংগ্রহ পাকিস্তানের। প্রথম দশে আছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং জিম্বাবোয়ে। প্রথম দশ থেকে ছিটকে যায় আয়ারল্যান্ড। নির্ধারিত আট ম্যাচ খেলেনি আফগানিস্তান এবং আয়ারল্যান্ড। স্ট্যান্ডিংয়ে ফিরতে পরের বছর আরও দুটো টেস্ট খেলতে হবে।
মেয়েদের একদিনের ক্রমতালিকায়ও একই গল্প। এখানেও একনম্বরে অস্ট্রেলিয়া। দুই রেটিং পয়েন্ট নেমে ১৬৩ হলেও, আধিপত্য বহাল। শীর্ষস্থান দখল করে রেখেছে। ১২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। প্রথম ছয়ে কোনও পরিবর্তন নেই। জায়গা ধরে রাখে ভারত (১২৬), দক্ষিণ আফ্রিকা (১০০), নিউজিল্যান্ড (৯৩) এবং শ্রীলঙ্কা (৮৯)। পাকিস্তানকে (৭২) টপকে সাতে উঠে আসে বাংলাদেশ (৭৩)। ৫ মে ছেলেদের এবং মেয়েদের টি-২০ ক্রমতালিকা প্রকাশিত হবে।















