আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার হাসান নওয়াজ সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে খবরে এসেছেন।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রতি তাঁর ঘৃণা ফুটে উঠেছে।
ভারতের বিরুদ্ধে খেলার মানসিকতা নিয়ে খোলামেলা মন্তব্য করেন তিনি। হাসান নওয়াজ বলেছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচ মানেই বাড়তি আবেগ ও তীব্র প্রতিযোগিতা। ক্রিকেটের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বিতাকে আরও বেশি উত্তপ্ত করে তোলে।
এক পাক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ জানান, ভারতের বিরুদ্ধে খেললে স্বাভাবিকভাবেই বাড়তি অনুপ্রেরণা কাজ করে এবং প্রতিপক্ষের বোলারদের আক্রমণ করার মানসিকতা তৈরি হয়। নওয়াজ বলেন, ''ভারতের বিরুদ্ধে খেললে অবশ্যই আলাদা মোটিভেশন থাকে। স্বাভাবিকভাবেই ভারতের বোলারদের আক্রমণ করতে ইচ্ছে করে। সত্যি বলতে, আমি ওদের সব বোলারকেই ঘৃণা করি।''
তবে ২৩ বছর বয়সী এই ব্যাটার জোর দিয়ে বলেন, আধুনিক ক্রিকেটে নির্দিষ্ট কোনও বোলারকে লক্ষ্য করে খেলা হয় না, বরং ম্যাচের পরিস্থিতিই ব্যাটিং কৌশল নির্ধারণ করে।
Hasan Nawaz said, "I think we've to attack the Indian bowlers. I hate every single bowler on the Indian team." (Qadir Khawaja) pic.twitter.com/kBvSb8MT74
— Sheri. (@CallMeSheri1_)Tweet by @CallMeSheri1_
হাসান নওয়াজ বলছেন, ''সবকিছুই পরিস্থিতির উপর নির্ভর করে। যদি প্রয়োজনীয় রান রেট ১০, ১২ বা ১৫ হয়, তাহলে বোলার যেই হোক না কেন, রান তোলার চেষ্টা করতেই হবে। এই পর্যায়ে সবাই বিশ্বমানের খেলোয়াড়, তাই সবার বিরুদ্ধেই আলাদা পরিকল্পনা থাকে।''
উল্লেখ্য, ২০২৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে নওয়াজের।
এরপর থেকে তিনি ২৫টি ম্যাচে ৪৫৭ রান করেছেন। তিনি দু'টি পঞ্চাশ ও একটি সেঞ্চুরিও করেছেন।
ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত হাসান নওয়াজ মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সেই টি-টোয়েন্টি ম্যাচে অবশ্য হাসান নওয়াজ সফল হতে পারেননি। মাত্র ৫ রান করেন।
















