আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেটের বিশ্বকে দুই ভাগে ভাগ করতে চাইছে ‘বিগ থ্রি’। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের এই প্রস্তাব নিয়ে চলতি মাসেই আইসিসিতে আলোচনা হওয়ার কথা। তবে এই নব্য থিওরির সমালোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ক্লাইভ লয়েড আশঙ্কা প্রকাশ করেছেন। এবার দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও আশঙ্কা প্রকাশ করলেন।
স্মিথ মনে করেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের প্রস্তাবিত মডেল করা হয়েছে কারণ নিজেদের মধ্যেই বেশি করে ওরা খেলবে। স্মিথ বলেন, ''পরের চক্রে ইংল্যান্ড,ভারত ও অস্ট্রেলিয়া কতবার মুখোমুখি হবে,তা দেখচিলাম। অন্য দেশগুলোর জন্য খুবই কঠিন হয়ে যাবে। বাণিজ্যিক কারণেই তো সবাই ভারতের সঙ্গে খেলতে চায়।''
তিনি আরও বলেন, ''কোথায় আর দেখা যাবে যে শীর্ষ তিন দল শুধু পরস্পরের বিরুদ্ধে খেলছে? পরের এফটিপি-র চেহারা কী হবে, তা কল্পনা করতে পারেন কেউ?''
এই মডেল মেনে নিলে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ কী হবে? বাঁচবে টেস্ট? স্মিথ বলছেন, ''ক্রিকেটবিশ্বের দরকার দক্ষিণ আফ্রিকাকে শক্তিশালী করা, ওয়েস্ট ইন্ডিজকে শক্তিশালী করা, শ্রীলঙ্কাকে শক্তিশালী করা। নাহলে...।'' আশঙ্কা প্রকাশ করছেন স্মিথ।
















