আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে যাত্রা শেষ মহেন্দ্র সিং ধোনির? আসন্ন মরশুম থেকে হয়তো আর দেখা যাবে না তাঁকে। সম্প্রতি চেন্নাই সুপার কিংসের এক কর্তার কথায় এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রিটেনশনের নিয়মকানুন জানিয়ে দিয়েছে বিসিসিআই। নতুন নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার শেষ পাঁচ বছর ভারতের জার্সিতে না খেললে তাঁকে 'আনক্যাপড' প্লেয়ার ধরা হবে। যার ফলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে অনেক কম অর্থের বিনিময়ে রেখে দিতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। এই নিয়ম এমএস ধোনির ক্ষেত্রেও প্রযোজ্য। পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ককে ধরে রাখতে চেন্নাইয়ের খরচ হবে ৪ কোটি টাকা। কিন্তু ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে একটি বার্তা দিলেন সিএসকের সিইও কাশি বিশ্বনাথ। যা শুনে হতাশ হবে মাহি ভক্তরা। বিশ্বনাথ বলেন, 'বর্তমানে এই বিষয়ে আমরা নিশ্চিত নয়। আমরা হয়তো এমএস ধোনির জন্য এই নিয়ম ব্যবহার করব না। এখনও এই বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। কারণ ধোনির সঙ্গে আমাদের কোনও আলোচনা হয়নি। ও মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল। তাই ওর সঙ্গে কোনও কথা হয়নি। এই সপ্তাহে আমি ট্রাভেল করব, তাই পরের সপ্তাহের আগে ওর সঙ্গে কোনও আলোচনা হওয়ার সুযোগ নেই। তারপরই কিছু জানাতে পারব। আমরা ওর খেলার বিষয়ে আশাবাদী। তবে এই সিদ্ধান্ত একমাত্র ধোনি নিজেই নেবে।'
চেন্নাই সুপার কিংসের শীর্ষকর্তার কথাতেই স্পষ্ট, আসন্ন আইপিএলে ধোনির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তিনি নিজে খেলতে চাইবেন কিনা এখনও জানা নেই। গত দু'বছর ধরেই তাঁর সরে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। কিন্তু খেলা চালিয়ে যান ধোনি। যদিও গতবছর আচমকা আইপিএল শুরুর আগের দিন নেতৃত্ব ছাড়েন। প্রসঙ্গত, ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। ২০১৯ সালের জুলাইয়ে শেষবার ভারতের জার্সিতে খেলেন। বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক। অর্থাৎ, রিটেনশন নিয়মে আনক্যাপড প্লেয়ারের আওতায় পড়ছেন ধোনি। কিন্তু তিনি নিজে আরও একটি আইপিএল খেলতে চাইবেন কিনা এখন সেটাই দেখার। ততদিন পর্যন্ত উৎকণ্ঠায় থাকবে মাহি ভক্তরা।
















