আজকাল ওয়েবডেস্ক: ট্রেভর মর্গ্যান জমানা ফিরিয়ে আনলেন রোমিন গোলদাররা। 

শনিবার রিলায়্যান্স ফুটবল ডেভেলপমেন্ট লিগ ২০২৬
জোনাল গ্রুপ স্টেজে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ব্যারাকপুরে অনুষ্ঠিত ছোটদের ডার্বির রং লাল-হলুদ। ম্যাচের একমাত্র গোলদাতা রোমিন গোলদার। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে 'রোয়িং বোট' সেলিব্রেশনে মেতে ওঠেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। 

আর এই উদযাপন ফুটবলপ্রেমীদের নিয়ে যাচ্ছে ফেলে আসা সময়ে। তখন  ইস্টবেঙ্গলে ট্রেভর জেমস মর্গ্যান জমানা। রবিন সিং ও তোলগে ওজবে জুটি ফুল ফোটাচ্ছেন। 

ট্রেভর মর্গ্য়ানের ইস্টবেঙ্গল অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছিল। সেরকমই এক ম্যাচে গোলের পরে রবিন সিং, তোলগে ওজবে, সুশান্ত ম্যাথুরা রোয়িং বোট সেলিব্রেশনে মেতে উঠেছিলেন। 

এই ইউটিউব, সোশ্যাল মিডিয়ার যুগে পুরনো ভিডিও পাওয়া দুষ্কর নয়। 
অগ্রজ ফুটবলারদের এহেন সেলিব্রেশন নিশ্চয় দেখেছেন এখনকার লাল-হলুদ ফুটবলাররা। ডেভেলপমেন্ট লিগে মোহনবাগানকে হারানোর পরে ফিরে এল রবিন সিং-তোলগেদের সেই পুরনো সেলিব্রেশন।