ইস্টবেঙ্গল-৫ পাঠচক্র-১ 
(আকাশ  হেমব্রম-২, উত্তম হাঁসদা-২, বেলাল)  (সৌভিক)

আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগে যেন থামছেই না ইস্টবেঙ্গলের জয়রথ। মঙ্গলবার ফের একবার নিজেদের শক্তির পরিচয় দিল লাল-হলুদ শিবির। পাঠচক্রের বিরুদ্ধে একতরফা ফুটবল উপহার দিয়ে ৫-১ গোলে জয় তুলে নিল ইস্টবেঙ্গল। আক্রমণাত্মক ফুটবল, বলের দখল এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতায় প্রতিপক্ষকে পুরোপুরি চাপে ফেলে দেয় তারা। 

এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন আকাশ হেমব্রম ও উত্তম হাঁসদা। একটি গোল করেন বেলাল। শুরু থেকেই আক্রমণের মেজাজে ছিল লাল-হলুদ। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় ডান দিক থেকে আসা একটি গড়ানো সেন্টার থেকে নিখুঁত ফিনিশিংয়ে আকাশ হেমব্রম ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। কিছুক্ষণের মধ্যেই পাঠচক্রের সৌভিক প্রায় একই ধরনের আক্রমণ থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। 

১-১ হওয়ার পর অবশ্য আর কোনও সুযোগ দেয়নি ইস্টবেঙ্গল। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় লাল-হলুদ। চাপ বাড়াতে থাকে তারা এবং একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে পাঠচক্রের রক্ষণভাগকে।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ইস্টবেঙ্গল। বিরতির সময়ে আকাশ হেমব্রমের একটি এবং উত্তম হাঁসদার জোড়া গোলে ইস্টবেঙ্গল ৩-১ গোলে এগিয়েছিল।

দ্বিতীয়ার্ধেও একই ছন্দ বজায় রাখে ইস্টবেঙ্গল। আকাশ হেমব্রম আরও একটি গোল করে ৪-১ করেন। এরপরও একাধিক গোলের সুযোগ তৈরি করে লাল-হলুদ। শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণের ধার কমেনি তাদের।

ম্যাচের শেষ লগ্নে বেলাল গোল করে ইস্টবেঙ্গলের বড় জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানে পাঠচক্রকে হারিয়ে কলকাতা লিগে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল লাল-হলুদ।