আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ে ইতিহাস গড়লেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। 

ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের যে কোনও ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম আফগান অধিনায়ক হিসেবে নিজের নাম লিখলেন তিনি। 

ভারতের শক্তিশালী বোলিং আক্রমণ এবং চেন্নাইয়ের তীব্র গরমকে উপেক্ষা করে ৩১ বছর বয়সী এই বাঁ হাতি খেলেন অসাধারণ এক ইনিংস। ১৩১ বলে ১০২ রান করে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করলেন। দীর্ঘ সময় ক্রিজে থাকার ফলে ইনিংসের শেষ দিকে ক্র্যাম্পে ভুগতে হয় শাহিদিকে। 

একপর্যায়ে দলের ফিজিওর চিকিৎসা নিতে হলেও তিনি লড়াই চালিয়ে যান এবং শেষ পর্যন্ত সেঞ্চুরি করেন। 

এর আগে ভারতের বিরুদ্ধে কোনও আফগান অধিনায়কের সর্বোচ্চ রান ছিল একটি অর্ধশতক। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শাহিদি নিজেই ৮০ রানের ইনিংস খেলেছিলেন। 

পরে ২০২৪ সালের জানুয়ারিতে ইব্রাহিম জাদরান টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হিসেবে হাফ সেঞ্চুরি করেন। তবে ভারতের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে তিন অঙ্কের স্কোর এতদিন অধরাই ছিল আফগানিস্তানের জন্য।

২০১৩ সালে কেনিয়ার বিরুদ্ধে  শারজায় আন্তর্জাতিক অভিষেক হয় শাহিদির। এরপর দীর্ঘ ৯৪ ইনিংস অপেক্ষার পর অবশেষে আসে তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরি। তাও আবার ভারতের বিরুদ্ধে।