আজকাল ওয়েবডেস্ক: মেঘলা দিনে চিতাবাঘের দেখার আশায় জঙ্গল সাফারিতে বেরিয়েছিলেন একদল পর্যটক। কিন্তু জঙ্গলের মাঝপথেই হাড়হিম অভিজ্ঞতা হল তাঁদের। বাসের জানলায় এসে বারবার উঁকি দেয় চিতাবাঘ। আতঙ্কে যখন তটস্থ পর্যটকরা, তখন জানলা দিয়ে উঁকিঝুঁকি মারে চিতাবাঘ। যদিও এই ঘটনায় চিতাবাঘ, পর্যটক কেউই আহত হননি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বানারঘাট ন্যাশানাল পার্কে। রবিবার ওই জঙ্গলেই বাসে করে সাফারি করছিলেন একদল পর্যটক। ঘুরতে ঘুরতে একটি চিতাবাঘ তাঁদের বাসের কাছে চলে আসে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসের পাশেই। তখনই দেখে চিৎকার, চেঁচামেচি শুরু করেন পর্যটকরা। তা শুনেই বাসের জানলা ধরেই খানিকটা উঠে পড়ে চিতাবাঘটি। জানলা দিয়ে উঁকি দিয়ে পর্যটকদের দেখতে থাকে।
এরপর জানলা থেকে নেমে আরও কিছুক্ষণ পর বাসের উপরেও উঠে বসে চিতাবাঘটি। যদিও চালকের তৎপরতায় বাস থেকে নেমে যায় চিতাবাঘটি। এরপর ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যায় পর্যটক বোঝাই বাসটি। কিন্তু চিতাবাঘ দেখার এমন অভিজ্ঞতায় বেজায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন। চিতাবাঘ দেখার এমন মুহূর্তের সাক্ষী হতে চেয়েছেন অনেকেই।
