২২ জুন ২০২৬ ১৪ : ০৪
এবারের বাজেটে মোট বরাদ্দ হয়েছে ৪ লক্ষ ৩৮ হাজার কোটি টাকারও বেশি। জানালেন শুভেন্দু। বললেন, শিল্প-কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বাজেটে।
২২ জুন ২০২৬ ১৩ : ৫৮
রাজ্যের ৪টি জেলাকে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনায় অন্তর্ভুক্তিকরণ করা হবে। ২৮-২৯ অর্থবর্ষে অষ্টম বেতন কমিশন নিয়েও আমরা ভাবব।
২২ জুন ২০২৬ ১৩ : ৫৬
পুরুষরা অনেকে লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন। অনেক দুর্নীতি হয়েছে আগের সরকারের আমলে, অভিযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বিশেষ সরকারের মানুষকে উস্কানি দেওয়া হয়েছে। এই সরকার বাংলার সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য কাজ করবে।
২২ জুন ২০২৬ ১৩ : ৫১
পুজোর আগেই নিয়োগ করা হবে ১৬ হাজার নতুন কনস্টেবল। তার মধ্যে ১২ হাজার রাজ্য পুলিশের কনস্টেবল এবং ৪ হাজার কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ হবে।
২২ জুন ২০২৬ ১৩ : ৫০
আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ দিয়েছি। তারা কুইন্টালে ২০০ টাকা করে ভর্তুকি পাবেন। তাদের বীজ এবং সারের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
২২ জুন ২০২৬ ১৩ : ৪৯
নিয়োগ কমিটিতে কোনও রাজনৈতিক কোন ব্যক্তিত্ব থাকবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগের সরকার শিল্পের ইনসেনটিভ তুলে দিয়েছিল। সেটা ফিরিয়ে আনা হয়েছে, ৫০০০ কোটি টাকা প্রভিশন করা হয়েছে।
২২ জুন ২০২৬ ১৩ : ৪৬
রাজ্যে ত্রিশক্তি, ত্রিধারার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যে একনম্বর কর্মসংস্থান। তারপরে থাকছে শিল্প। ১০০ কোটি টাকার বেশি যাঁরা বিনিয়োগ করবেন তাঁদের স্থানীয় স্তরে কোনও অনুমোদন নিতে হবে না আলাদা করে। তৃতীয় হল ব্যবসা এবং ভর্তুকি কেন্দ্রিক। যাঁরা মাঝারি মাপের ব্যবসা করতে চান তাঁদের পাশে থাকছে রাজ্য।
২২ জুন ২০২৬ ১৩ : ৪২
রাজ্যের ব্যাপক ভাবে শিল্প আনতে গেলে তোলাবাজি, সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করতে হবে। জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, এই বাজেটে বিরোধীদের বলার কোন সুযোগ নেই।
২২ জুন ২০২৬ ১৩ : ৩৮
সাংবাদিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দুু অধিকারী। এবারের বাজেটে মোট পাঁচটি শক্তির কথা বলা হয়েছে। তার মধ্যে সেবাশক্তি, জ্ঞানশক্তি, শিল্পশক্তি রয়েছে। বাজেটে প্রয়োজনের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
২২ জুন ২০২৬ ১৩ : ২৭
নিউটাউন অঞ্চলের সাথে মধ্য কলকাতার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। আমি প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে একটি ৭.৪১ কিমি দীর্ঘ চিংড়িঘাটা—নিউটাউন এলিভেটেড করিডোর করার প্রস্তাব করছি। এই করিডোরটি ইএম বাইপাস এবং সল্টলেক সেক্টর ফাইভ-কে যুক্ত করবে এবং যানজট কমিয়ে নিউটাউনের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে।
২২ জুন ২০২৬ ১৩ : ২৫
উচ্চ শিক্ষায় ছাত্রীদের ড্রপ-আউটের হার কমাতে সরকারি বা সরকারপোষিত কলেজে আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তির সময়ে ছাত্রীদের জন্য একটি নতুন স্কিম চালু করা হবে। এই স্কিমে সরকারি ও সরকারপোষিত কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন ২৫,০০০ টাকা সহায়তা দেওয়া হবে। ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হল।
২২ জুন ২০২৬ ১৩ : ১৭
রাজ্য সরকারের তরফে চালু করা হবে নতুন ক্লাউড কিচেন পলিসি। এই পলিসিতে মহিলারা বিশেষ সাহায্য পাবেন। তন্তুজ শিল্পের উন্নতিতে দক্ষিণ দিনাজপুরে তৈরি করা হবে টেক্সটাইল হাব।
২২ জুন ২০২৬ ১৩ : ০৯
অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য বাজেটে সুখবর। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক ৫০০০ টাকা বেতন বাড়ানো হবে। ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
২২ জুন ২০২৬ ১৩ : ০৮
রাজ্যে বাড়ছে বিমানবন্দরের সংখ্যা। কল্যাণীর পাশাপাশি মালদা এবং পুরুলিয়ায় তৈরি হবে বিমানবন্দর। শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোলে মেট্রো পরিষেবা চালু করা হবে। কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণ করা হবে।
২২ জুন ২০২৬ ১৩ : ০৭
রাজ্যের সরকারি স্কুলগুলিতে মিডডে মিলে বরাদ্দ বাড়ানো হল। পড়ুয়া পিছু ১০ টাকা করে বরাদ্দ করা হবে এবার থেকে। পার্শ্বশিক্ষকদের ৫০০০ টাকা বেতন বৃদ্ধি করা হবে।
২২ জুন ২০২৬ ১৩ : ০১
রাজ্যে বাড়ানো হবে মেডিক্যাল কলেজের সংখ্যা। কালিম্পং ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমানে তৈরি হবে নতুন মেডিক্যাল কলেজ। উত্তরবঙ্গে তৈরি করা হবে এইমস, ক্যানসার হাসপাতাল। দিঘায় হাসপাতালের আধুনিকীকরণ করা হবে।
২২ জুন ২০২৬ ১২ : ৫৬
আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন ৭ কোটি। মোট ৩১০০ কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আশাকর্মী এবং ৭০ বছর বয়সের ঊর্ধ্বদের প্রত্যেকে এই প্রকল্পের সুবিধা পাবেন।
২২ জুন ২০২৬ ১২ : ৫১
২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর ২০২৬ থেকে ‘ভরসা কর্মসূচি’ চালু করা হবে। এই স্কিমে গ্রাজুয়েট বেকারদের জন্য মাসে ৩,০০০ টাকা, অন্যদের মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে।
২২ জুন ২০২৬ ১২ : ৪৯
রাজ্যে তৈরি করা হবে স্পোর্টস ইউনিভার্সিটি। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী। রাজ্যে 'খেলো ইন্ডিয়া' শুরু হবে। ৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে মিনি ইন্ডোর স্টেডিয়াম। জাতীয় ক্রীড়ায় অংশগ্রহণকারী ক্লাবগুলিকে দেওয়া হবে ১ কোটি টাকা।
২২ জুন ২০২৬ ১২ : ৪৬
৫০০ টাকা করে বাড়ল বিধবা, বিশেষ ক্ষমতাসম্পন্ন এবং বার্ধক্য ভাতা। ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এছাড়া, যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন ২৫ হাজার টাকা দেবে সরকার।
২২ জুন ২০২৬ ১২ : ৪২
কলকাতা বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ নতুন জেলা হবে। শিবমন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাদনানা, কামারপুকুর, কোলাঘাট এবার থেকে পুরসভা হবে বলে জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
২২ জুন ২০২৬ ১২ : ৪০
নতুন বিমানবন্দর গড়ে তোলা হবে কল্যাণীতে। চিংড়িহাটা-নিউটাউনে এলিভেটেড করিডর তৈরির প্রস্তাব দেওয়া হচ্ছে। শালিমার-গার্ডেনরিচ টার্মিনাল তৈরি হবে।
২২ জুন ২০২৬ ১২ : ৩৪
মহিলাদের বিনামূল্যে সরকারি বাস পরিষেবার জন্য বরাদ্দ করা হচ্ছে ৫৫০ কোটি টাকা। এই উদ্দেশ্যে শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। অন্নপূর্ণা যোজনাতেও বরাদ্দ করা হচ্ছে ৩৬ হাজার কোটি টাকা।
২২ জুন ২০২৬ ১২ : ৩২
সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, NVF কর্মীদের মাসিক বেতন দু'হাজার টাকা করে বাড়ানো হয়েছে। ১০০ দিনের কাজের ক্ষেত্রেও ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। চলতি আর্থিক বছরে ২৫ লক্ষ নতুন বাড়ি তৈরি করা হবে। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬ হাজার টাকা করা হবে।
২২ জুন ২০২৬ ১২ : ২৩
বিধায়ক তহবিল ৭০ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ১ কোটি টাকা করা হচ্ছে। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসে ৫০০০ টাকা করে পেনশন দেওয়া হবে বলে জানালেন স্বপন দাশগুপ্ত।
২২ জুন ২০২৬ ১২ : ২২
রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। ২০ শতাংশ ডিএ বাড়ানো হল। অর্থাৎ, এখন থেকে মোট ৩৮% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ১ অক্টোবর থেকে বর্ধিত হারে ডিএ মিলবে।
২২ জুন ২০২৬ ১২ : ১৮
সরকারি পদে নিয়োগে ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর পর্যন্ত বাড়ানো হল। এই সুবিধা পরবর্তী ২ বছরের জন্য বহাল থাকবে।
২২ জুন ২০২৬ ১২ : ১৫
রাজ্যে ১ লক্ষ শূন্যপদ পূরণ করা হবে। মোট শূন্যপদের ৩৩% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। রাজ্যে ৫০ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে। মোট ২০ হাজার পুলিশ নিয়োগ করা হবে।
২২ জুন ২০২৬ ১২ : ১৩
অর্থমন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করতে হবে। রাজ্যের মানুষের আস্থা পুনরুদ্ধার করতে হবে আমাদের। দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে দায়বদ্ধ সরকার।
২২ জুন ২০২৬ ১২ : ১০
অর্থমন্ত্রী বললেন, বিকশিত বাংলার লক্ষ্য়েই এই বাজেট। রাজ্যের ওপর ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণ রয়েছে। সমস্ত সামাজিক প্রকল্প অব্যাহত থাকছে।
২২ জুন ২০২৬ ১২ : ০৭
রাজ্যে চালু থাকা সকল সামাজিক সুরক্ষাপ্রকল্প অব্যাহত থাকবে। ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে।”
২২ জুন ২০২৬ ১২ : ০৫
রাজ্যের অর্থমন্ত্রীকে বাজেট পেশ করার জন্য আমন্ত্রণ জানালেন স্পিকার রথীন্দ্রনাথ ঘোষ। স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বাজেট পেশ করা শুরু করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
২২ জুন ২০২৬ ১১ : ৪৪
এদিন জুটের ব্যাগে ফাইল নিয়ে বিধানসভায় পৌঁছেছেন অর্থমন্ত্রী। বাড়ি থেকে বেরোনোর আগে তাঁকে প্রশ্ন করা হয়, পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। এটা কি নতুন বার্তা?

স্বপন দাশগুপ্ত বলেন, 'সবটাই নতুন বার্তা, অনেকটাই নতুন বার্তা। সব জিনিস তো আর নতুন হয় না, কিছুটা পুরনোও আছে।'
২২ জুন ২০২৬ ১১ : ৩৬
বাজেট পেশ করার আগে বিধানসভায় পৌঁছলেন অর্থমন্ত্রী। ক্ষমতায় আসার পর প্রথম বাজেটের আগে বিধানসভার ভিতরের মন্দিরে অর্থমন্ত্রীকে নিয়ে পুজো দিলেন শুভেন্দু। স্বপন দাশগুপ্তকে দই খাইয়ে দেন তিনি।

২২ জুন ২০২৬ ১১ : ২৭
রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ। পালাবদলের পর এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ। বাজেটে DA নিয়ে কী বলবেন অর্থমন্ত্রী? তাকিয়ে রয়েছেন সরকারি কর্মীরা।
২২ জুন ২০২৬ ১১ : ২৫
বিধানসভায় পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাসবিহারী অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও।
DA বেড়ে হল ৩৮%, স্নাতক বেকারদের ৩০০০ টাকা, বাকিদের ২ হাজার! কী কী ঘোষণা হল? এক নজরে রাজ্য বাজেট

















