শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হবু বিধায়কদের সঙ্গে বৈঠকে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির রাজ্য সভাপতি শমীক শুভেন্দুর নাম মুখ্যমন্ত্রী পদের জন্য প্রস্তাব করেন। সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম স্থির হয়েছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু। শপথ নেবে রাজ্যে নতুন মন্ত্রিসভাও। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং হবু বিধায়করা উপস্থিত থাকবেন ব্রিগেডে।
৯ মে ২০২৬ ১১ : ৫৫
শেষ শপথগ্রহণ অনুষ্ঠান
জাতীয় সঙ্গীত গেয়ে শেষ হল শপথগ্রহণ অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত সকলের সঙ্গে দেখা করে বেরিয়ে যাচ্ছেন মোদি।

৯ মে ২০২৬ ১১ : ৩৮
শপথ নিচ্ছেন দিলীপ ঘোষ
মন্ত্রী হিসাবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু।

৯ মে ২০২৬ ১১ : ৩৪
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর
অপেক্ষার অবসান। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে শপথ নিতে ডাকলেন মুখ্যসচিব। রাজ্যপাল আরএন রবি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করলেন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ পাঠ করলেন শুভেন্দু।
৯ মে ২০২৬ ১১ : ৩১
ব্রিগেডে জাতীয় সঙ্গীত
শপথগ্রহণের আগে ব্রিগেডে গাওয়া হল জাতীয় সঙ্গীত। এর পরেই নতুন সরকার শপথ নেবে।
৯ মে ২০২৬ ১১ : ২৫
মাখনলাল সরকারকের সংবর্ধনা
ডা. শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গী ৯৭ বছর বয়সী মাখনলাল সরকারকে সংবর্ধনা জানালেন প্রধানমন্ত্রী মোদি।

৯ মে ২০২৬ ১১ : ১০
রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপন
মঞ্চে উঠে সেখানে উপস্থিত সকলকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী। এরপরেই সোজা চলে যান মঞ্চে রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির কাছে। সেখানে গিয়ে কবিগুরুকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানান মোদি। তাঁর পরেই কবিগুরুকে শ্রদ্ধা জানান হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু।
৯ মে ২০২৬ ১১ : ০০
মঞ্চে রয়েছেন যাঁরা
মঞ্চে উপস্থিত রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, মিঠুন চক্রবর্তী, সুনীল বনসল।
৯ মে ২০২৬ ১০ : ৫৭
মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব
শপথগ্রহণ মঞ্চে এসে উপস্থিত হয়েছেন মোদি। রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব। এছাড়াও রয়েছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

৯ মে ২০২৬ ১০ : ৫৫
হুডখোলা গাড়িতে মঞ্চে প্রবেশ
হুডখোলা গাড়িতে একপাশে হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং অপর পাশে রাজ্য সভাপতি শমীককে নিয়ে মঞ্চে প্রবেশ করছেন প্রধানমন্ত্রী। উপস্থিত সকল সমর্থকদের দিকে হাত নাড়িয়ে মঞ্চে প্রবেশ করলেন মোদি।
৯ মে ২০২৬ ১০ : ৫০
নানা রকম স্টল ব্রিগেডে
মিহিদানা, মিষ্টি দই এবং রসগোল্লার স্টল রয়েছে ব্রিগেডে। রয়েছে ঝালমুড়ির স্টলও। ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে রাস্তার ধারের দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন মোদি।
৯ মে ২০২৬ ১০ : ৪৮
ব্রিগেডে হেভিওয়েটরা
প্রধানমন্ত্রী মোদি শনিবার সকালে কলকাতায় চলে এসেছেন। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রেসকোর্সে আসেন তিনি। সেখান থেকে ব্রিগেডে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রিগেডে পৌঁছে গিয়েছেন হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
৯ মে ২০২৬ ১০ : ৪৬
শপথ গ্রহণ মঞ্চে চমক
কালীঘাট মন্দিরের আদলে ব্রিগেডে শপথগ্রহণের মঞ্চ প্রস্তুত করেছে বিজেপি। মঞ্চে মা কালী, মা দুর্গার ছবি রয়েছে। রয়েছে গঙ্গাসাগরের সাধুদের ছবিও।
৯ মে ২০২৬ ১০ : ৪৬
জনতার ঢল ব্রিগেডে
সকাল থেকেই বিজেপির কর্মী সমর্থকেরা ভিড় করতে শুরু করেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।
৯ মে ২০২৬ ১০ : ৪৫
যান চলাচল নিয়ন্ত্রণ
মোদির কলকাতা সফরকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে শহরে একাধিক ট্রাফিক বিধিনিষেধ জারি করেছে কলকাতা পুলিশ। জনসাধারণের নিরাপত্তা, যানজট ও অসুবিধা এড়াতেই এই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এক নির্দেশিকায় জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী ৯ মে বিভিন্ন সময়ে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই তালিকায় রয়েছে এসপ্ল্যানেড ব়্যাম্প, কেপি রোড, হাসপাতাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়ে।















