আজকাল ওয়েবডেস্ক: দিনের অধিকাংশ সময় কাটে অফিসে। ল্যাবটপের সামনে থেকে দু’দণ্ড ওঠার সময় থাকে না। বহুজাতিক সংস্থা থেকে সরকারি অফিস, সর্বত্র একই ছবি। অবসরে আড্ডা, বাড়িতে থাকলেও বসেই কেটে যায় সময়। আর সারাক্ষণ এই বসে থাকার কারণেই বাড়ছে নানা রোগের ঝুঁকি। শরীরে বাসা বাঁধছে নানান ক্রনিক রোগ। তাই বিপদ আসার আগে সচেতন হওয়া জরুরি।
সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, দিনে ৬ ঘণ্টা বসে কাজ করার অভ্যাস ধীরে ধীরে মানুষের কর্মক্ষমতা এবং উদ্ভাবনী শক্তি কমে যায়। অকাল বার্ধক্য, হৃদরোগ এবং বিপাকজনিত রোগের ঝুঁকি, হজমের সমস্যা, কোলেস্টেরল বেড়ে যেতে পারে। এমনকী ক্রমাগত বসে কাজ করলে ক্যানসারের মতো মারণ রোগও আশঙ্কাও বেড়ে যায়। সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, ফুসফুস, মূত্রাশয় এবং মলাশয়ের ক্যানসার হতে পারে বসে থাকার কারণে।
রোজ অন্তত ৩০ মিনিট অন্তর একটু হাঁটাচলা করে নিলে তা শরীরের পক্ষে ভাল। যদিও গবেষণায় বলা হয়েছে, ব্যায়াম করলে টানা বসে থাকার খারাপ প্রভাব কিছুটা কমানো সম্ভব। তবে শারীরিক কার্যকলাপও দীর্ঘ সময় বসে থাকার ফলে হওয়া ক্ষতির পুরোপুরি প্রতিকার করতে পারে না। সেক্ষেত্রে ৩০ মিনিট দৌড়ালে বা সাইকেল চালালে স্বাস্থ্যের উন্নতি হতে পারে। তবে দীর্ঘ সময় বসে থাকার প্রভাব থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব নয়।
একটানা কাজের অভ্যাস থাকলে অন্তত প্রতি ঘণ্টায় একবার করে হলেও উঠে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করুন। অন্তত এক মিনিটের জন্য হলেও। দ্রুত হাঁটারও দরকার নেই। হেলেদুলে হাঁটলেও চলবে। আসলে টানা বসে থাকলে শরীরের মাংসপেশিগুলো আড়ষ্ট হয়ে পড়ে। প্রয়োজন নড়াচড়া করে সেই আড়ষ্ট ভাব দূর করা। তবে প্রতি আধ ঘণ্টা অন্তর পাঁচ মিনিটের বিরতি নিতে পারলে সবচেয়ে ভাল হয়।
















