আজকাল ওয়েবডেস্ক: পাকা চুল ঢাকা হোক কিংবা কালো চুলকে রঙিন করা, অনেকেই ভরসা করেন প্রাকৃতিক মেহেন্দি বা হেনার উপর। বাজার চলতি রাসায়নিক মিশ্রিত রঙের বদলে নিয়মিত চুলে হেনা করেন তাঁরা। কিন্তু সত্যি কি চুলের জন্য উপকারী হেনা? নাকি প্রাকৃতিকভাবে চুলের সৌন্দর্য বাড়াতে গিয়ে বড় ক্ষতি হয়? জানুন আসল সত্যি।

বাজারে বেশ কিছু হেনাতেই রাসায়নিক মেশানো হয়। ফলে কেনার সময়ে হেনার গুণগত মান যাচাই করা জরুরি। নাহলে হেনা ব্যবহারের ফলে উপকারের বদলে অপকার হতে পারে। অ্যালার্জি সহ অন্যান্য সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

হেনা থেকে অনেক সময়ে স্ক্যাল্পে চুলকানি হয়। স্ক্যাল্প লাল হয়ে ফুলেও যেতে পারে, র্যাশ বেরোতে পারে। এমনকী খুব বাড়াবাড়ি হলে কনট্যাক্ট ডার্মাটাইটিসও হওয়ার সম্ভাবনাও থাকে। তাই অ্যালার্জির সম্ভাবনা এড়াতে চুলে মেহেন্দি লাগানোর আগে প্যাচ টেস্ট করে নিন।

দীর্ঘদিন ধরে চুলে মেহেন্দি লাগালে বড়সড় চুল রুক্ষ-শুষ্ক হয়ে যেতে পারে। মাথায় দীর্ঘক্ষণ হেনা রেখে দিলেই বিপদ।  চুলের প্রাকৃতিক তেল ও ময়েশ্চার শুষে নেয় হেনা। সেই কারণে চুল হয়ে যায় রুক্ষ। তাই মেহেন্দি লাগানোর পর চুলের ডিপ কন্ডিশনিংয়ের করা জরুরি।

অনেক সময় দীর্ঘদিন ধরে হেনা ব্যবহার করলে চুলের ধরন পরিবর্তন হয়ে যায়। তখন কিন্তু চুলের হাল ফেরাতে যথেষ্ট কসরত করতে হয়। তাই চুলে হেনা করার সঙ্গে সঙ্গে তার যত্নও নিতে হবে। এক্ষেত্রে হেনার সঙ্গে ডিম বা আমলকী মিশিয়ে মাখলেও উপকার পাবেন।