সংবাদসংস্থা, মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল "স্টুডেন্ট অফ দ্য ইয়ার" অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ডেনিম অন ডেনিম লুক। সপ্তাহান্তের আড্ডায় কিংবা রোড ট্রিপে এমন ভাবেই সেজে উঠতে পারেন আপনিও।
৬ জানুয়ারি ইনস্টাগ্রামে অভিনেতা তাঁর ডেনিম লুকের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। আইস ব্লু ডেনিম জিনসের সঙ্গে একটি ডেনিম শার্ট পরেছিলেন তিনি। আর তাতেই ঝড় উঠেছে নেটপাড়ায়। সমালোচকদের মতে, অনেক ট্রেন্ড আসবে যাবে কিন্তু ডেনিমের আবেদন চিরকালীন। ছবি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লেখেন, "নীল রঙের শক্তি বহন করছি।" অভিনেতাকে আর কিছুদিনের মধ্যেই দেখা যাবে পরিচালক রোহিত শেট্টির "ইন্ডিয়ান পুলিশ ফোর্স" ছবিতে। ছবিটি মুক্তি পাবে ১৯ জানুয়ারি। ফোর্সের সঙ্গে মিশে আছে রয়্যালিটি। নীল রঙের অর্থও তাই। সেই কারণেই এরকম সাজ বেছে নিয়েছেন তিনি।
তবে এই প্রথম নয়, এর আগেও ডেনিমের প্রতি নিজের ভালবাসার কথা প্রকাশ্যে জানিয়েছেন অভিনেতা। বাড়িতে অবসরে, কিংবা ছবির প্রমোশনে, অভিনেতা হামেশাই সাজেন ডেনিম পোশাকে। ক্যাজুয়াল লুক পেতে ডেনিমের থেকে ভাল আর কিছু হতেই পারে না, এমনটাই মনে করেন তিনি। সাজ সম্পূর্ণ করতে কেতাদুরস্ত রোদচশমা , বিলাসবহুল ঘড়ি আর স্নিকার্স পরতে কখনওই ভোলেন না।
আপনারাও ডেনিম অন ডেনিম ফ্যাশনে মেতে উঠতে পারেন। চাইলে লেয়ারিং করতে পারেন ডেনিম জ্যাকেট দিয়ে।