আজকাল ওয়েবডেস্ক: প্রেমের ভাষার মতো, প্রতিটি সম্পর্কে, ক্ষমা প্রার্থনার ভাষাও রয়েছে। ভুল হলে ক্ষমা চেয়ে নিতে হয়, তা আমরা শিখে নিই ছোটবেলাতেই। এমনকি নিজেদের ভুলের দায়িত্বও আমরা নিতে শিখি। একটি সম্পর্কের দ্বন্দ্বকে স্বাভাবিক করা এবং সেগুলি মোকাবিলার উপায় খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ভুল স্বীকার করে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়া, সঙ্গীকে বুঝতে সাহায্য করে,অজান্তে একটা ভুল আমাদের মনকে কতটা প্রভাবিত করেছে।
ইগো ভুলে যদি আমরা নিজেদের ভুল স্বীকার করে সম্পর্কে ক্ষমা চেয়ে নিতে পারি, তবে পুরো বিষয়টা অনেক সহজ হয়। থেরাপিস্টের মতে, ভুল স্বীকার করে নিলে কেউ ছোট হয়ে যায় না। বরং, দাম্পত্য বা যেকোনও সম্পর্কের ক্ষেত্রেই ভুল বোঝাবুঝি ভুলে যোগাযোগ মজবুত করা দরকার। কোনও সমস্যার সমাধান যদি একসঙ্গে খোঁজার চেষ্টা করেন তাহলে তা সম্পর্কে বিশ্বাস পুনরুদ্ধারে সহায়তা করে। যদিও বিশ্বাস হারিয়ে ফেললে তা ফিরে পাওয়া মুশকিল, এমন কথা বলেন অনেকেই। কিন্তু এটাও সত্যি, যে চেষ্টা করলে সব কিছুই হয়। তবে সেই প্রচেষ্টার মধ্যে সততা থাকা দরকার।
মন খুলে কথা বলুন। সঙ্গী যদি রেগে থাকে তাকে যুক্তি দিয়ে বোঝান।মিথ্যে বলবেন না , এতে সমস্যা বাড়ে।