বেশিরভাগ আমিষাশীদের কাছে ডিম বেশ প্রিয়। ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ-ডিনার, যে কোনও সময়ে ডিমের কোনও পদ থাকলেই জমে যায় খাওয়াদাওয়া। শরীরের প্রোটিনের চাহিদা যেমন পূরণ করে, তেমনই ডিম দিয়ে বানানো যায় হরেক পদও। ডিমের ঝোল, ডিম ভাজা, ডিমের ভুজিয়া তো রয়েইছে, সঙ্গে আবার বিদেশি কায়দায় সানি সাইড আপ, বয়েলড, এগ বেনেডিক্ট বা ফ্রেঞ্চ টোস্ট-প্রতিটির স্বাদই অনন্য। আর এই তালিকায় নয়া সংযোজন হট হানি এগস। এই রেসিপি মিষ্টি, ঝাল ও চিজ দিয়ে তৈরি, যা প্রথম কামড়েই মুখে দিলে গলে যায়। ডিমের এই পদটি বর্তমানে সমাজমাধ্যমে বেশ ভাইরাল। 

কীভাবে বানাবেন হট হানি এগস? প্রথমে একটি প্যান গরম করে তাতে এক চামচ মধু, ৫০ গ্রাম মোজারেলা ও চেডার চিজের লেয়ার দিতে হবে। এরপর দুটি ডিম ফাটিয়ে সরাসরি পোজের মতো করে ওপরে দিন। সবশেষে এক চামচ চিলি অয়েল যোগ করলেই আসবে ঝাল স্বাদও। ডিম ঠিকমতো রান্না হয়ে এলে অর্ধেক মুড়ে দিন। সুন্দরভাবে ক্যারামেলাইজড বেস দেখতে পাবেন। এই পদটিতে যেমন মধুর মিষ্টি, চিজের ক্রিমি স্বাদ রয়েছে তেমনই চিলি অয়েলের হালকা ঝালও একসঙ্গে পাবেন। 
 
এই রেসিপিতে ব্যবহার হয় দুটি ডিম, এক চা চামচ মধু, ৫০ গ্রাম চিজ, এবং এক চা চামচ চিলি অয়েল। ফলে ক্যালোরি রয়েছে ৩৬০–৩৮৫ গ্রাম, প্রোটিন ২২–২৪ গ্রাম (ডিম ও চিজ থেকে), ফ্যাট ২৭–৩০ গ্রাম (চিজ ও চিলি অয়েল থেকে), কার্বোহাইড্রেট ৭–৯ গ্রাম (প্রধানত মধু থেকে)। ডিম প্রোটিনের উৎস হিসেবে দারুণ। ভিটামিন ও মিনারেলেও সমৃদ্ধ। তবে ফ্যাটের পরিমাণ বেশি থাকায় যারা ক্যালরি নিয়ন্ত্রণে রাখেন, তাদের এটি মাঝে মাঝে খাওয়া ভাল।

চিলি অয়েল আপনার ঝালের স্বাদ যেমন পছন্দ সেই অনুযায়ী দিন। ডিম অর্ধেক ভাঁজ করলে নরম এবং ক্যারামেলাইজড বেস পাওয়া যায়। প্রোটিনের উৎস হলেও ফ্যাটের ভারসাম্য রাখতে অল্প পরিমাণে খাওয়াই শ্রেয়। 

হট হানি এগস স্বাদে চমৎকার এবং পুষ্টিতেও দুর্দান্ত। যারা নতুন স্বাদের ডিমের পদ খেতে চান তাঁরা অবশ্যই একবার চেখে দেখতে পারেন।