মুড়ির সাথে বা ডাল-ভাতে মুচমুচে 'বেগুনি'! বাড়িতে বানালে অনেক সময় ফোলে না বা মুচমুচে হয় না। দোকানের মতো পারফেক্ট স্বাদ পেতে কীভাবে বানাবেন দেখে নিন রেসিপি৷ 

 উপকরণ:
 বেগুন- ২টি 
বেসন- ৩ কাপ (৩০০ গ্রাম) 
 চালের গুঁড়ো- ১ কাপ (৬০ গ্রাম)
 হলুদ গুঁড়ো- ১ চা চামচ
 কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১/২ চা চামচ
 গুঁড়ো চিনি- দেড় চা চামচ
 স্বাদমতো নুন
 ব্যাটার তৈরির জন্য ঠান্ডা জল
 ভাজার জন্য পর্যাপ্ত সাদা তেল
 বিট নুন (পরিবেশনের জন্য)

প্রণালী: প্রথমে বেগুনের পেছনের অংশ বাদ দিয়ে লম্বালম্বিভাবে একদম পাতলা করে স্লাইস করে নিন। কাটা বেগুনগুলো একটি পাত্রে রেখে সামান্য নুন ছড়িয়ে দিন। এতে বেগুনের ভেতরের জল বেরিয়ে আসবে এবং নুনটাও ভালোভাবে ঢুকবে। 


একটি পাত্রে ছাঁকনির সাহায্যে বেসন, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন এবং গুঁড়ো চিনি ভালোভাবে চেলে নিন। এবার এতে অল্প অল্প করে একদম ঠান্ডা জল মিশিয়ে ব্যাটার তৈরি করতে হবে। 

 ব্যাটারটিকে হাত বা হুইস্ক দিয়ে অন্তত ৮-১০ মিনিট খুব ভালোভাবে ফাটাতে হবে, যতক্ষণ না বেসনের গাঢ় রং হালকা হয়ে ফ্লাপি হয়ে যায়। ব্যাটার ঠিকঠাক হয়েছে কি না বুঝতে একটি চামচ ডুবিয়ে দেখুন, যদি চামচের গায়ে ব্যাটারটি সুন্দরভাবে লেগে থাকে, তবে বুঝবেন ব্যাটার একদম রেডি। এরপর এটিকে ১০-১৫ মিনিট রেখে দিন ঢাকা দিয়ে৷ 

নুন মাখানো বেগুনের স্লাইসগুলো থেকে জল বেরিয়ে গেলে, একটি পরিষ্কার সুতির কাপড় দিয়ে বেগুনের গায়ে লেগে থাকা জল মুছে নিন। কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করুন। এবার এক একটি বেগুনের স্লাইস ব্যাটারে ডুবিয়ে, অতিরিক্ত ব্যাটার ঝরিয়ে সরাসরি গরম তেলে ছেড়ে দিন।  

তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন বেগুনিগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। উল্টেপাল্টে দু'দিক একদম লালচে ও মুচমুচে করে ভেজে তুলে নিন। 
গরম গরম বেগুনির উপর সামান্য বিট নুন ছড়িয়ে মুড়ি বা ডাল-ভাতের সাথে পরিবেশন করুন।