বিউ সরকার: একইসঙ্গে একাধিক দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার কলকাতায় মিছিলের আয়পজন করে এবিভিপি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী, বন্দেমাতরম গানের সার্ধশতবর্ষ এবং সংগঠনের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে মিছিলের আয়োজন করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য-সমর্থকেরা। শ্যামবাজার থেকে শুরু করে কলেজ স্ট্রিট পর্যন্ত ছিল মিছিলের যাত্রাপথ।
এদিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন এবিভিপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডাঃ বীরেন্দ্র সিং সোলাঙ্কি-সহ রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য, কলকাতার সম্পাদক স্বাধীন হালদার এবং অন্যান্যরা। শহর কলকাতার চারটি জায়গা থেকে এ দিন মিছিল বের হয়।দমদম বিমানবন্দর থেকে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। শ্যামবাজারের দেশবন্ধু পার্ক থেকে বের হয় আর একটি মিছিল হয়। অন্যদিকে, আরও একটি মিছিল শিয়ালদহ স্টেশনে থেকে কলেজ স্ট্রিটের উদ্দেশে রওনা দেয়।
মঙ্গলবার কলেজস্ট্রিটের সমাবেশ থেকে এবিভিপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডাঃ বীরেন্দ্র সিং সোলাঙ্কি বলেন, "রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আর এই সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য ভাল নেতৃত্বের প্রয়োজন। সে কারণে খুব দ্রুত রাজ্যের কলেজে প্রয়োজন ছাত্র সংসদ নির্বাচন।" এ ক্ষেত্রে উল্লেখ্য, রাজ্যের কলেজগুলিতে বহুদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি।
তিনি বক্তব্য রাখতে গিয়ে এ দিন আরও বলেন, "সম্প্রতি রাজ্যে যে গুন্ডা দমন আইন লাগু হয়েছে, তার মাধ্যমে কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুষ্কৃতিদের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে। ফলে বিশ্ববিদ্যালয় যে পড়াশোনার পরিবেশ, শান্তির পরিবেশ ফিরে আসবে। এর ফলেই বিকশিত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। বাংলা বিকশিত হবে এবং বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জ্ঞান, চরিত্র ও জাতীয় চেতনার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এবিভিপি সেই লক্ষ্যেই কাজ করে যাবে।"
বারবার নিট ইউজি-র প্রশ্ন ফাঁস নিয়ে যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে তাঁর মত, নিট আরও সুরক্ষিত করতে হবে। এনটিএ-এর সংস্কারের জন্য ইতিমধ্যেই রাধাকৃষ্ণন কমিটির কাছে ২৩ দফা সুপারিশও জমা দিয়ে একাধিক দাবি জানিয়েছি। শুধুমাত্র শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেই এই সমস্যার সমাধান হবে না বলেও মনে করেন তিনি।
















