আজকাল ওয়েবডেস্ক: চাকরি ফিরে পাওয়ার আর্জি জানিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন কলকাতা পুলিশের কয়েকজন হোমগার্ড। পূর্বতন সরকারের আমলে কোনও কারণ ছাড়াই তাঁদের সাসপেন্ড করা হয়েছিল বলে অভিযোগ।

আন্দোলনকারীদের দাবি, স্রেফ ডিএ এবং বেতন বৃদ্ধির দাবি তোলার অপরাধেই ছাঁটাই করা হয়েছিল অমিত সিংহ-সহ বেশ কয়েকজন হোমগার্ডকে। এবার নিজেদের রুটিরুজি ফিরে পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন তাঁরা।

এই ঘটনায় কলকাতা পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের প্রাক্তন এক শীর্ষকর্তা তথা কালীঘাট থানার তৎকালীন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে শান্তনুবাবু নির্দেশ দিয়েছিলেন- 'এই সরকার ক্ষমতায় থাকাকালীন ওদের যেন আর কোনওভাবেই কাজে ফেরানো না হয়।'

দীর্ঘদিন ধরে কর্মহীন থাকার পর, অবশেষে সুবিচারের আশায় এবং পুনরায় কাজে যোগদানের দাবিতেই রাজ্যের প্রশাসনিক প্রধানের শরণাপন্ন হয়েছেন ওই হোমগার্ডরা।

নদিয়া থেকে বিশেষভাবে সক্ষম সুজিত ঘোষ কাজের আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে দ্রুত কাজ মিলবে।