আজকাল ওয়েবডেস্ক: জয়েন্টে প্রথম সল্টলেকের শাশ্বত ব্যানার্জি। গর্বিত কলকাতা। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নজির গড়লেন কলকাতার সল্টলেক সেক্টর-২-এর বাসিন্দা শাশ্বত ব্যানার্জি।

ফল প্রকাশের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের আবহ পরিবারে। এই সাফল্য নিয়ে শাশ্বত নিজেও কিছুটা বিস্মিত। ফলাফল ঘোষণার পর শাশ্বত জানান, এই সাফল্য তাকে রীতিমতো চমকে দিয়েছে। 

বর্তমানে রাজস্থানের কোটার অনন্তপুরে অবস্থিত নালন্দা অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র শাশ্বত। তিনি সিবিএসই, নয়া দিল্লি বোর্ডের অধীনে পড়াশোনা করেছেন। 

দ্বাদশ শ্রেণিতে তাঁর প্রাপ্ত নম্বর ৯৬.২ শতাংশ। এর আগে আইসিএসই দশম শ্রেণির পরীক্ষায় তিনি ৯৭.৬ শতাংশ নম্বর পেয়েছিলেন। শাশ্বতের পরিবারেও রয়েছে শিক্ষার উজ্জ্বল পরম্পরা। তাঁর বাবা ও মা দু’জনেই প্রতিষ্ঠিত চিকিৎসক। কৃতি এই ছাত্রের মোট প্রাপ্ত নম্বর ১৭২.২। 

বাবা চিকিৎসক শান্তনু ব্যানার্জি অর্থপেডিক সার্জেন্ট, মা চিকিৎসক এমিলি ব্যানার্জি পেডিআর্টিসিয়ান। অন্যদিকে, দুই দাদুই ছিলেন ইঞ্জিনিয়ার। শৈশব থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহ ছিল তাঁর।

অঙ্কের প্রতি ভালোবাসাই তাঁকে ইঞ্জিনিয়ারিংয়ের পথে এগিয়ে দিয়েছে। ভবিষ্যতে দেশের কোনও স্বনামধন্য প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে এই কৃতি ছাত্রের। 

পড়াশোনার বাইরে দাবা খেলতে ভীষণ ভালোবাসেন শাশ্বত। বিশেষ করে স্পিড চেসের প্রতি তাঁর আগ্রহ ক্রমশ বাড়ছে। এছাড়াও ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন এবং সাঁতারেও সমান উৎসাহ দেখা যায় জয়েন্টে প্রথম হওয়া এই ছাত্রের। 

অবসরে রহস্য গল্প পড়তেও পছন্দ করেন। তার প্রিয় চরিত্রের তালিকায় রয়েছে শার্লক হোমস, ফেলুদা এবং হারকিউল পোয়ারো। কলকাতার এই মেধাবী ছাত্রের সাফল্যে গর্বিত শিক্ষা মহল। কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং বহুমুখী আগ্রহের জেরে যে বড় সাফল্য অর্জন সম্ভব, তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে শাশ্বত।