আজকাল ওয়েবডেস্ক: চাকরিপ্রার্থীদের টার্গেট করে কলকাতা মেট্রোয় নিয়োগের নামে ভুয়ো বিজ্ঞাপন ছড়িয়ে প্রতারণার চেষ্টা চলছে বলে সতর্ক করল মেট্রো রেল কর্তৃপক্ষ।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, গত ২৭ এপ্রিল থেকে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় ‘Kolkata Metro-Mega Recruitment 2026’ শিরোনামে একটি ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তি ঘুরে বেড়াচ্ছে।

বিষয়টি মেট্রো প্রশাসনের নজরে এসেছে। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এই বিজ্ঞপ্তির সঙ্গে কলকাতা মেট্রোয় নিয়োগের কোনও সম্পর্ক নেই। এই বিজ্ঞাপন সম্পূর্ণ ভুয়ো ও বিভ্রান্তিকর।

মূলত সরকারি চাকরির খোঁজে থাকা যুবক-যুবতীদের প্রতারণার ফাঁদে ফেলতেই এই ধরনের বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে। চাকরিপ্রার্থীদের সতর্ক করে মেট্রো রেল জানিয়েছে, এ ধরনের কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।

এতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। কোনও অবস্থাতেই ওটিপি, পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে ভাগ করে নেওয়া যাবে না।

এই ধরনের প্রতারণার ঘটনা নজরে এলে অবিলম্বে পুলিশের কাছে অভিযোগ জানানোরও আবেদন করা হয়েছে। মেট্রো রেল জানিয়েছে, সরকারি চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য শুধুমাত্র সরকারি বা সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই যাচাই করা উচিত। মেট্রো কর্তৃপক্ষের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে, এই ধরনের বিজ্ঞাপন থেকে সাবধান, এটি প্রতারণা হতে পারে।