আজকাল ওয়েবডেস্ক: গণঅভ্যুত্থানের জেরে ক্ষমতা হারিয়েছেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইতিমধ্যেই হাসিনাকে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। তার মাঝেই সামনে এসেছিল তাঁর দেশের ফেরার জল্পনা। এবার সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মুজিব কন্যা জানিয়েছেন, তিনি কখন দেশে ফেরার পরিকল্পনা করছেন।
সূত্রের তথ্য, হাসিনা জানিয়েছেন, তিনি চলতি বছরের শেষে, ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে বলেও জানান শেখ হাসিনা। সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েই, বলেছেন, 'দেশে ফেরার পর তাঁরা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকী হত্যাও করতে পারে। তবুও আমাকে যেতেই হবে। আমার দলের নেতা-কর্মীরা চরম দমন-পীড়নের শিকার হচ্ছেন। মৃত্যু যদি আসেই, তবে তা যেন আমার নিজের মাটিতেই আসে।'
এর আগে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'দেশে ফিরে আসার বিষয়টি কোনও নির্দিষ্ট তারিখ বা সময়ের ওপর নির্ভর করে না। আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি। এটা কেবল আমার ফিরে আসার জন্যই জরুরি নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্যও অপরিহার্য।'
সঙ্গেই তিনি জানান, 'তবে আমি একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই। আমার অনুপস্থিতির অর্থ আমার নীরবতা নয়। আমি প্রতিটি মুহূর্তে দেশের জন্য সংগ্রাম করে যাচ্ছি। আমরা- কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় এবং বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করে চলেছি।' তারপরেই তিনি ডিসেম্বরে দেশে ফিরতে চলেছেন বলে জানান, ইঙ্গিত দেন, দেশে ফিরে আত্মসমর্পণেরও।















