আজকাল ওয়েবডেস্ক: নতুন সমীক্ষা থেকে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। সেখান থেকে দেখা গিয়েছে স্ক্রাব টাইফাস থেকে হতে পারে মৃত্যু। যদি সঠিক সময়ে চিকিৎসা না করাতে পারেন তাহলে অতি দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন সকলেই।
তামিলনাড়ুর ৩৭ টি গ্রামের উপর একটি সমীক্ষা করা হয়েছে। এই এলাকাগুলিতে এর আগেই স্ক্রাব টাইফাসের বাড়বাড়ন্ত হয়েছিল। আর সেখান থেকেই এই নতুন তথ্য সামনে উঠে এসেছে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর মতে, “স্ক্রাব টাইফাস বা বুশ টাইফাসের কারণ একটা ব্যাকটেরিয়া যার নাম ওরিয়েন্টিয়া সুসুগামুশি । সংক্রমিত মাইট জাতীয় পোকার কামড় থেকে এই রোগ মানুষের মধ্যে ছড়ায় । স্ক্রাব টাইফাসের বেশিরভাগ ঘটনা লক্ষ্য করা যায় দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রামীণ এলাকা, ইন্দোনেশিয়া, চিন, জাপান, ভারত ও উত্তর অস্ট্রেলিয়ায় । যেখানে স্ক্রাব টাইফাস পাওয়া গেছে তেমন এলাকায় কেউ থাকলে বা তার উপর দিয়ে গেলেও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে ।”
স্ক্রাব টাইফাসের উপসর্গের সঙ্গে অন্যান্য অনেক রোগের মিল আছে এবং এক্ষেত্রে পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়াতে পারে । এধরনের উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন এবং এই রোগের প্রাদুর্ভাব আছে এমন জায়গায় গেলে বা থাকলে সেটা চিকিৎসককে জানান । সাধারণভাবে একটা রক্ত পরীক্ষা করা হয়ে থাকে । উপসর্গ অনুযায়ী অন্যান্য পরীক্ষা, যেমন স্কিন বায়োপসি, ওয়েস্টার্ন ব্লট, ইমিউনো ফ্লুরোসেন্স অ্যাশে ইত্যাদি রয়েছে ।
দেশের নির্দিষ্ট এলাকায় খুব বেশি এটা দেখা যায় না, কিন্তু স্ক্রাব টাইফাস আছে এমন জায়গায় গেলে সতর্ক থাকা উচিত । আর যেহেতু ভ্যাকসিন নেই, তাই যথাযথ সুরক্ষামূলক পদক্ষেপ এবং উপসর্গ দেখা দিলেই ডাক্তার দেখান অত্যন্ত প্রয়োজনীয়। তবে নতুনভাবে যদি এই রোগের বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায় তাহলে আগে থেকেই সতর্ক হওয়া দরকার। দ্রুত চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিলেই এই রোগ থেকে মুক্তির উপায়। যদি ফেলে রাখেন তাহলে এই রোগ থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
















