আজকাল ওয়েবডেস্ক: নাসার গবেষক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, শিক্ষক। যথার্থ মেধাবী ছাত্র। কোল টমাস অ্যালেন। শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় এবার প্রকাশ্যে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বছর ৩১-এর ওই সন্দেহভাজন বন্দুকবাজ টমাস ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। ওয়াশিংটন পুলিশ ও সিক্রেট সার্ভিস সূত্রে খবর, হোটেলের মূল নিরাপত্তা স্ক্রিনিং এলাকার কাছেই হামলাকারীকে পাকড়াও করা হয়েছে।
জানা গেছে, টমাস কম্পিউটার সায়েন্সে নিয়ে পড়াশোনা করেছেন। ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ২০২৫ সালে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর। লস অ্যাঞ্জেলেস কাউন্টির একজন শিক্ষক হিসেবেও উল্লেখ করা হয়েছে। তিনি নাসার গবেষক বলেও জানা গেছে। লিঙ্কডিন-সহ একাধিক সমাজমাধ্যমে তাঁর প্রোফাইল রয়েছে। সেখানে গেম ডেভলপার হিসেবেও নিজেকে পরিচয় দিয়েছেন।
শনিবার রাতে হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটন হিলটন হোটেলে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাশাপাশি আরও একাধিক মার্কিন উচ্চপদস্থ আধিকারিক ও নেতা ওই নৈশভোজে উপস্থিত ছিলেন। আচমকা তাঁর সামনেই পরপর গুলি চলে।
যদিও, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, ট্রাম্প এবং তাঁর স্ত্রী, সুস্থ এবং নিরাপদে রয়েছেন দু'জনেই। এমনকী উপস্থিত অতিথিরাও সকলেই সুস্থ রয়েছেন বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার বেশকিছু ছবিও ছড়িয়ে পড়েছে। পোস্ট করেছেন খোদ ট্রাম্প। অন্যদিকে, ইউনাইটেড স্টেড সিক্রেট সার্ভিসের প্রধান ইতিমধ্যেই ঘটনা প্রসঙ্গে বিবৃতি জারি করেছেন। সঙ্গেই তিনি জানিয়েছেন, 'তথ্য পাওয়া মাত্রই আমরা নতুন খবর জানাব এবং তা নিশ্চিত করব। আমাদের দলগুলো ঘটনাস্থলে পরিস্থিতি মূল্যায়ন ও তদন্ত করছে। আমাদের সুরক্ষাধীন সকলেই নিরাপদ আছেন।'
ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ ট্রাম্প। তিনি লেখেন, 'সিক্রেট সার্ভিস এবং আইন প্রয়োগকারী সংস্থা চমৎকার কাজ করেছে। তারা দ্রুত এবং সাহসিকতার সঙ্গে কাজ করেছে। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।' সঙ্গেই তিনি জানান, 'সম্পূর্ণভাবে আইন প্রয়োগকারী সংস্থার নির্দেশনাই অনুসরণ করা হবে। তারা শীঘ্রই একটি সিদ্ধান্ত নেবে।'
একাধিক সংবাদ মাধ্যমের তথ্য, ভিড়ের মধ্যে থাকা বেশ কয়েকজন জানান, তাঁরা পাঁচ থেকে আটটি গুলির মতো শব্দ শুনেছেন। ট্রাম্পের ভাষণের অপেক্ষায় থাকা শত শত সাংবাদিক, তারকা এবং জাতীয় নেতারা উপস্থিত ছিলেন সেখানে। গুলির শব্দ শোনার পরেই ওই ঘর ফাঁকা করে দেওয়া হয় সম্পূর্ণরূপে। ভিতরে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়।















