আজকাল ওয়েবডেস্ক: রবিবার রাতে কাতারে ভয়াবহ বিপর্যয়। রাস লাফান শিল্পাঞ্চলের এলএনজি কেন্দ্রে জোরালো বিস্ফোরণ। এই দুর্ঘটনার জেরে কেঁপে ওঠে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী দোহার একাধিক ঘরবাড়ি। বিস্ফোরণের ফলে রাতের আকাশ মুহূর্তের মধ্যে গাঢ় কমলা রঙে ছেয়ে যায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনায় বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের সকলেই ভারত ও পাকিস্তানের বাসিন্দা। এই ঘটনার পর দোহার ভারতীয় দূতাবাস শোকার্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানিয়ে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছে।
কাতারের জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা অল-কাব্বি জানিয়েছেন, এটি স্রেফ একটি দুর্ঘটনা। জানা গিয়েছে, জরুরি মেরামতির জন্য দীর্ঘ দিন বন্ধ থাকার পর মাত্র দু’দিন আগেই এই ‘বারজান’ গ্যাস সরবরাহ কেন্দ্রটি পুনরায় চালু করা হয়েছিল। তবে আপদকালীন তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এর ফলে পরিবেশের কোনও ক্ষতি হয়নি বলেই আশ্বস্ত করেছে প্রশাসন।
রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা ‘কাতারএনার্জি’ জানিয়েছে, এই দুর্ঘটনার কারণে বিশ্ব বাজারে দেশের গ্যাস রপ্তানি প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়বে না। তবে যুদ্ধবিধ্বস্ত আবহে এই কেন্দ্রের প্রয়োজনীয় মেরামতির জন্য আগামী তিন থেকে পাঁচ বছর এলএনজি উৎপাদন কিছুটা কমতে পারে।
উল্লেখ্য, বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র এই রাস লাফান বন্দরটি চলতি বছরের শুরুর দিকেও ইরান ও আমেরিকা-ইজরায়েল সংঘাতের জেরে হামলার মুখে পড়েছিল।















