আজকাল ওয়েবডেস্ক: রাস্তার উপর উপুড় হয়ে শুয়ে শ'য়ে শ'য়ে মানুষ। আশেপাশে ভিড় জমিয়েছেন আরও শতাধিক মানুষ। শুয়ে থাকা গ্রামবাসীদের উপর দিয়ে যাচ্ছে গরুর পাল। তা দেখার জন্যেই মূলত এই ভিড়। সারাবছর এই নিয়ম পালনের জন্য মুখিয়ে থাকেন গ্রামের লোকেরা। এভাবেই গো-মাতা’র পুজো করার চল সেখানে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এমন দৃশ্য প্রতিবছর দেখা যায় মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায়।ভিদাদওয়াদ গ্রামে গোবর্ধন পুজোর দিনে এমন অভিনব প্রথা পালন করেন গ্রামবাসীরা। গ্রামের শতাধিক মানুষ শরীরের উপর দিয়ে গরুকে হাঁটতে দেন। সৌভাগ্য ফেরাতে, গো-মাতাকে তুষ্ট করতেই এই নিয়ম পালন করেন তাঁরা। 

 

দীপাবলির পরেরদিন দেশজুড়ে পালিত হয় গোবর্ধন পুজো। বিশেষত মথুরা, বৃন্দাবন-সহ উত্তর ভারতে গোবর্ধন পুজো বিশেষভাবে পালিত হয়। শুক্রবার গোবর্ধন পুজো উপলক্ষে ফের এমন দৃশ্যের সাক্ষী থাকল উজ্জয়ন। 

 

পুরাণ অনুযায়ী, কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে গোবর্ধন পুজো করা হয়। ইন্দ্রের পুজো করতে নিষেধ করেছিলেন শ্রীকৃষ্ণ। গ্রামবাসীরা পুজো করা থামাতেই রুষ্ট হন ইন্দ্র। এরপরই বৃন্দাবনে প্রবল বৃষ্টি নামান তিনি। গ্রামবাসীদের রক্ষা করতে এগিয়ে আসেন শ্রীকৃষ্ণ। আঙুলের ডগায় বৃন্দাবনের গোবর্ধন পর্বত তুলে ফেলেন তিনি। টানা সাতদিন আঙুলের ডগায় গোবর্ধন পাহাড় তুলে দাঁড়িয়েছিলেন কৃষ্ণ। তারপর বৃষ্টি থামান ইন্দ্র। দীপাবলির পরেরদিন গিরি গোবর্ধন তুলেছিলেন শ্রীকৃষ্ণ। সেই দিনেই গোবর্ধন পুজো করার রীতি শুরু হয়।