আজকাল ওয়েবডেস্ক: বাড়ির সামনেই খেলাধুলা। কে জানত, সেখানেই মর্মান্তিক পরিণতি হবে তার! খেলতে খেলতে আচমকাই ঘটল অঘটন। বাড়ির সামনেই শিশুকন্যাকে পিষে দিল গাড়ি। ঘটনাস্থলেই মর্মান্তিক পরিণতি হল দু'বছরের শিশুকন্যার। ঘটনাটি ঘিরে শোকের ছায়া এলাকায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে গুজরাটে। পুলিশ জানিয়েছে, বাড়ির সামনেই আপনমনে খেলাধুলা করছিল দু'বছরের শিশুকন্যা। গতকাল সোমবার মরবি জেলায় সেই সময় একটি গাড়ি পিষে দেয় শিশুকন্যাকে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার।
পুলিশ আরও জানিয়েছে, আলাপ রোডের কাছে প্যাটেল নগর সোসাইটির কাছে ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শিশুকন্যা বাড়ির সামনেই খেলছিল একা একা। সেটি ছিল রাস্তার মোড়ে। আচমকাই একটি গাড়ি এসে শিশুকন্যাকে পিষে দেয়। তড়িঘড়ি গাড়িটি থামিয়ে চালক শিশুকন্যাকে উদ্ধার করতে ছুটে আসেন।
চিৎকার শুনেই স্থানীয়রাও তড়িঘড়ি ছুটে আসেন। গাড়ির চালককে ঘিরে তীব্র ক্ষোভ উগরে দেন তাঁরা। ইতিমধ্যেই গাড়ির চালকের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। যদিও এখনও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছে পরিবার।
প্রসঙ্গত, অসাবধানতাবশত গুলিবিদ্ধ হয়ে দুই বছরের এক শিশুর এমন মর্মান্তিক পরিণতি হয়েছিল গত বছর। বরযাত্রীদের শোভাযাত্রা যাচ্ছিল। ব্যান্ডপার্টির আওয়াজ শুনেই ঘর থেকে বারান্দায় ছুটে এসেছিল সে। সঙ্গে ছিলেন বাবা, মা। মজাই লাগছিল বরযাত্রীদের নাচ করতে দেখে। সেই মুহূর্তেই ঘটল বিপত্তি। মজা করতে করতে বরযাত্রীদের মধ্যে থেকে শূন্যে ছোড়া হল গুলি। বারান্দায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দু'বছরের এক শিশুর।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছিল নয়ডায়। শিশুর বাবা পুলিশকে জানিয়েছেন, দুই সপ্তাহ আগে দিল্লি থেকে নয়ডায় চলে আসেন তাঁরা। রবিবার রাতে বাড়ির সামনে দিয়ে বরযাত্রীদের শোভাযাত্রা যাচ্ছিল। চারতলার বারান্দায় দাঁড়িয়ে সকলে মিলে দেখছিলেন। হঠাৎ খেয়াল করেন বারান্দায় রক্তের স্রোত। খুদের মাথা থেকে ঝরছে রক্ত। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা আরও জানিয়েছেন, বরযাত্রীদের শোভাযাত্রাটি গুরুগ্রাম থেকে নয়ডার দিকে আসছিল। তখনই তাঁদের মধ্যে থেকে কয়েকজন শূন্যে গুলি ছোড়ে। সেই গুলি এসে লাগে শিশুর মাথায়। পুলিশের কাছে ইতিমধ্যেই দু'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। শূন্যে গুলি ছোড়ার পর থেকে পলাতক দুই অভিযুক্ত। তাদের কাছে বন্দুকের লাইসেন্স ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
