আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহান্তে গুরুগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা! হরিয়ানায় দু'টি পৃথক ঘটনায় পুড়ে ছাই ১০০টির বেশি বস্তি। শনিবার থেকে রবিবার, কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে গেল অগ্নিসংযোগের ঘটনা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গুরুগ্রামের বজঘেরা অঞ্চল এবং সিকন্দারপুর এলাকার নিকটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালে বজঘেরা অঞ্চলে প্লাস্টিক কারখানা এবং গুদামঘরে আগুন লাগে। রবিবার মাঝরাতে ২টো নাগাদ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গুদামে প্লাস্টিক আবর্জনা, থার্মোকল-সহ অন্যান্য দাহ্য পদার্থে স্তুপ করে রাখাছিল। ফলে দ্রুত মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং তীব্র আকার নেয়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ'টি ইঞ্জিন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে কারখানার কর্মীরাই ওই আগুন নেভানোর চেষ্টা করে। ভোর ৪টে ২০ নাগাদ খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বিভাগে। ঘটনার তীব্রতা দেখে দ্রুত ওই অঞ্চলে পুলিশ পৌঁছনোর পর দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় বাসিন্দাদের। জানা গেছে, বজঘেরা অঞ্চলে প্লাস্টিক কারখানা এবং গুদামঘরের আশেপাশেও একাধিক স্ক্র্যাপ ও কাঠের গুদাম রয়েছে। এলাকাটি ঘনবসতিপূর্ণ। তাই সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পাশের দু'টি কাঠগুদামেও।
দমকল আধিকারিকেরা বলেছেন, "প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন আয়ত্তে আনতে বেশ খানিকটা সমস্যা রয়েছে।" পাশাপাশি এও জানিয়েছেন, কারখানার কর্মীরা দ্রুত মজুত করা সামগ্রী সরানোর চেষ্টা করায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।
অন্য দিকে, সিকান্দাপুর এলাকার বস্তি অঞ্চলে শনিবার রাতেই আগুন লাগে। যার ফলে ভস্মীভূত হয়ে যায় ১০০-র বেশি ঝুপড়ি। গোটা রাত দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। শেষমেশ রবিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে এখনও তল্লাশি চলছে।
দমকল কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার রাত ৭টা ৩৫ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পাঁচটি দমকল ইঞ্জিন। পৌঁছে যায় পুলিশ প্রশাসনের আধিকারিকেরাও। তদন্তকারীদের অনুমান, কোনও একটি ঝুপড়িতেই প্রথম আগুন লাগে। তারপর হাওয়ার গতিবেগ বেশি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ঝুপড়িতেও। এর পর সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ শুরু হয়। বিস্ফোরণের জেরে দ্রুত ভয়ে এলাকা ছেড়ে পালান স্থানীয়রা।
প্রসঙ্গত, শনিবার রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর এলাকার ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই আগুনে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় প্রায় ৪০টি ঝুপড়ি। ঘনবসতিপূর্ণ এই বস্তিতে দাহ্য বস্তু বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
















