আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায় এক ভয়াবহ উৎসবে বিষাদের ছায়া নেমে এল। নবরাত্রির ভিড়ের মধ্যে পাহাড়ের ওপর অবস্থিত জনপ্রিয় খল্লারি মাতা মন্দিরে রোপওয়ে ছিঁড়ে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন পুণ্যার্থী।
রোববার ভোর থেকেই নবরাত্রির পুজো দিতে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল প্রায় ৩,০০০ ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়ি মন্দিরে। প্রত্যক্ষদর্শীদের মতে, ভক্তরা যখন রোপওয়েতে করে পাহাড়ের ওপরে মন্দিরে যাচ্ছিলেন, ঠিক তখনই মাঝপথে রোপওয়ের তার ছিঁড়ে বিপত্তি ঘটে। মুহূর্তের মধ্যে বেশ কিছু কেবিন নিচে পড়ে যায় এবং চারদিকে কান্নার রোল ওঠে। হুড়োহুড়ি আর আতঙ্কে রণক্ষেত্রের চেহারা নেয় মন্দির চত্বর।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় এক মহিলার মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রায়পুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনায় খল্লারি মন্দিরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নবরাত্রির মতো বড় উৎসবে যখন কয়েক গুণ বেশি পুণ্যার্থী সমাগম হয়, তখন কেন রোপওয়ের পর্যাপ্ত সুরক্ষা পরীক্ষা করা হয়নি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। জেলা প্রশাসন জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি নাকি অবহেলার কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। আপাতত ওই পাহাড়ি তীর্থক্ষেত্রে রোপওয়ে পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
















