আবু হায়াত বিশ্বাস: সকাল থেকে আকাশের মুখ ভার। বিকেল থেকে মুষলধারে বৃষ্টি দেরাদুনে। শহরের বান্নু স্কুল মাঠ জলমগ্ন। রাস্তায় জল-কাদা। কিন্তু এসব উপেক্ষা করেই উপচে পড়ল ভিড়। রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে গোটা মাঠ দখল নিল ছাত্র-যুব ব্রিগেড। সন্ধ্যায় যখন তিনি মঞ্চে এলেন সমস্বরে উঠল 'রাহুল গান্ধী-রাহুল গান্ধী' আওয়াজ। স্লোগান উঠল 'ইস্তিফা দো ধর্মেন্দ্র প্রধান।' প্রশ্নফাঁস, বেকারত্ব এবং শিক্ষাব্যবস্থার সংকটকে সামনে রেখে শুক্রবার উত্তরাখণ্ডের দেরাদুনে ছাত্র-যুবদের সঙ্গে মতবিনিময় করলেন রাহুল। সুর চড়ালেন মোদি সরকারের বিরুদ্ধে।
এদিন মুষলধারে বৃষ্টি, কাদা আর জল জমা মাঠ- সব প্রতিকূলতা উপেক্ষা করেই শুক্রবার দেরাদুনের বান্নু স্কুল মাঠে উপচে পড়ল ছাত্র-যুবদের ভিড়। কংগ্রেসের ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে যোগ দিয়ে প্রশ্নফাঁস, বেকারত্ব এবং শিক্ষাব্যবস্থার সংকটকে সামনে রেখে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাহুল। বক্তব্যের শুরুতেই রাহুল বলেন, "এটি কোনও রাজনৈতিক সভা নয়, দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও সংগ্রামের সভা।" তাঁর অভিযোগ, কোটি কোটি যুবক সরকারি চাকরির জন্য কঠোর পরিশ্রম করলেও প্রশ্নফাঁস ও দুর্বল ব্যবস্থার কারণে সেই পরিশ্রম বারবার বিফলে যাচ্ছে।
প্রশ্নফাঁসের শিকার কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে মঞ্চেই কথা বলেন রাহুল। এক পরীক্ষার্থী জানান, একটি প্রশ্নফাঁসই তাঁদের সারা বছরের পরিশ্রম ও ভবিষ্যতের স্বপ্ন ভেঙে দেয়। সেই প্রসঙ্গ টেনে রাহুল বলেন, "আজকাল রেস্তোরাঁর মেনুকার্ডের মতো পরীক্ষায় পাশ করানোরও রেট কার্ড তৈরি হয়েছে। রাজ্যে রাজ্যে প্রশ্নফাঁস হচ্ছে।" তাঁর দাবি, গত কয়েক বছরে ১৫২টি প্রশ্নফাঁসের ঘটনায় সাড়ে সাত কোটি পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলেও একজনও জেলে যায়নি।
এর আগে বিকেলে দেরাদুনে পৌঁছে রাহুল প্রয়াত কংগ্রেস নেতা অমর মেহতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। বৃহস্পতিবার সভার মঞ্চ নির্মাণের সময় লোহার ভারী রড মাথায় পড়ে গুরুতর আহত হন ৬৫ বছরের মেহতা। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শোকপ্রকাশের পরই রাহুল ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে যোগ দিয়ে ছাত্র-যুবদের পাশে থাকার বার্তা দেন।
















