আজকাল ওয়েবডেস্ক: আমেরিকা ও ইরানের মধ্যে ফের বেড়েছে ভূ-রাজনৈতিক উত্তেজনা। ইরানের তরফে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার ঘোষণা করা হয়। যদিও সেই আশঙ্কায় বিশ্বজুড়ে রান্নার গ্যাসের দাম ফের বৃদ্ধি পাওয়ার তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।
এদিকে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি গত ১ জুলাই মাসিক সংশোধনের অংশ হিসেবে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়ে প্রায় ১৮৩.৫০ টাকা করেছিল। তবে ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সিলিন্ডারের দাম দু'দফায় বেড়েছে। দাম বাড়ানো হয়েছিল মোট ২৯ টাকা। যা গত ৭ জুন থেকে অপরিবর্তিতই রয়েছে।
আজ, ১৩ জুলাই, এলপিজি সিলিন্ডারের দাম:
নয়াদিল্লিতে ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৯৪২ টাকা এবং ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৯৩০ টাকা। কলকাতায় ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৯৬৮.০০ এবং ৩,০৮১.৫০ টাকা। মুম্বাইয়ে ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৯৪১.৫০ এবং ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৮৮৫.৫০ টাকা। চেন্নাইয়ে ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৯৫৭.৫০ টাকা এবং ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,১০৬ টাকা। বেঙ্গালুরুতে ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৯৪৪.৫০ টাকা এবং ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,০২১.০০ টাকা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক হামলার পরও হরমুজ প্রণালী খোলা। সেখান দিয়ে বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, গত শনিবার ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি চূড়ান্ত হওয়ার পর্যায়ে ছিল। যেখানে ইরান তাদের পরমাণু ও সামরিক তৎপরতা বন্ধ করতেও প্রায় রাজি হয়েছিল বলে খবর। কিন্তু একটি বাণিজ্যিক জাহাজে ইরানের আচমকা হামলার পর সেই কূটনৈতিক আলোচনা সম্পূর্ণ ভেস্তে যায় বলে জানা গিয়েছে।
















