আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের গির-সোমনাথ জেলার কাকিডি মোলি গ্রামের কাছে মঙ্গলবার এক সিংহী কৃষককে আক্রমণ করে হত্যা করে এবং প্রায় ১০০-১২০ মিটার দূরে তাঁর দেহ টেনে নিয়ে যায়। বনবিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপের পর সিংহীটিকে বশে আনা সম্ভব হয়। মৃত ব্যক্তির নাম মঙ্গা বোগা বারাইয়া (৩৫)। ঘটনাটি ঘটেছে গির-ইস্ট ডিভিশনের জাসাধার বন রেঞ্জে।

বারাইয়ার দেহ আমরেলি জেলার টিম্বি গ্রামে পাওয়া যায়। বন বিভাগের মতে, সিংহীটি কৃষককে হত্যা করার পর তাঁর দেহ টেনে জঙ্গল সংলগ্ন এলাকা অতিক্রম করে নিয়ে যায় এবং তার ওপর বসে থাকে, যাতে কেউ কাছে যেতে না পারে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের আচরণ তাঁরা আগে কখনও দেখেননি।

ঘটনাস্থলে পৌঁছতে তিন ঘণ্টার বেশি সময় লাগে এবং শেষপর্যন্ত সিংহীটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে বশে আনা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বারাইয়া তাঁর স্ত্রী, এক ১০ বছর বয়সী মেয়ে এবং দুই ছোট ছেলেকে রেখে গেছেন।

বৃহস্পতিবার বারাইয়ার পরিবারের জন্য ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।