আজকাল ওয়েবডেস্ক: বর্তমান যুগে প্রতিদিনই নতুন কোনও না কোনও ভাইরাল ট্রেন্ড ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়। সম্প্রতি এমনই এক ট্রেন্ড নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। হলুদ গুঁড়ো, এক গ্লাস জল ও মোবাইলের ফ্ল্যাশলাইট ব্যবহার করে তৈরি করা ‘গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড’ ভিডিও রীতিমত ভাইরাল। জটিল কোনও সেটআপের দরকার নেই, শুধুমাত্র হলুদ, জল আর ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করেই তৈরি করা হচ্ছে এমন এক মায়াবী সোনালি আভা যা দেখে মুগ্ধ লক্ষ লক্ষ মানুষ।
ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটক এবং হোয়াটসঅ্যাপ, সর্বত্রই ঘুরছে এই মজার খেলা। বিশেষ করে শিশুদের জন্য এই বিষয়টি অত্যন্ত আকর্ষণীয়। ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই এই বাবা মায়েরা বাড়ির ক্ষুদে সদস্যকে জাদু দেখাচ্ছেন। অনেকেই একে ‘অ্যাস্থেটিক’ ও সুন্দর বলে আখ্যা দিয়েছেন। তবে নেটিজেনদের একাংশ এই ট্রেন্ডকে বলছেন বিপজ্জনক। এমনকি অনেকে একে প্রাচীন তান্ত্রিক কৌশলের সঙ্গে তুলনা করে ‘অশুভ শক্তি আহ্বান’-এর অভিযোগও তুলেছেন।
কিছু মানুষ দাবি করছেন, এই ধরনের ট্রেন্ড ‘কালা জাদু’-র অনুকরণ এবং এটি নাকি মৃত আত্মাদের ডাকতে ব্যবহৃত হয়। আবার কেউ বলছেন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় লাইক ও ফলোয়ার বাড়ানোর লোভে জল নষ্ট করা হচ্ছে—এ এক প্রকার অপচয়। কিন্তু হাজারও বিতর্কের মধ্যেই নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কানপুরের সোশ্যাল মিডিয়া ব্লগার নাফিয়া আনাস। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তিনিও সেই গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড করছেন। তবে হলুদের জায়গায় ব্যবহার করেন গুটখার প্যাকেট! হাস্যরস মেশানো এই ‘কানপুরিয়া টুইস্ট’ বেশ সাড়া ফেলেছে।
















