দীক্ষা ভুঁইয়াঃ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ সামরিক সহযোগিতা ও যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করতে উদ্যোগী ভারত। সেই লক্ষ্যে অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হতে চলা বহুজাতিক বিমান মহড়া ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’-এ অংশ নিচ্ছে ভারতীয় বায়ুসেনা (আইএএফ)। সোমবার, ২০ জুলাই থেকে আগামী ৭ আগস্ট পর্যন্ত রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স (রাফ)-এর ডারউইন ঘাঁটিতে চলবে এই আন্তর্জাতিক মহড়া।
দীর্ঘ ৪৫ বছরের ইতিহাসে ‘পিচ ব্ল্যাক’ রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক বিমান যুদ্ধ মহড়া। উত্তর অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ জনবিরল এলাকায় রাতের যুদ্ধাভিযান এবং জটিল আকাশযুদ্ধের কৌশল অনুশীলনের জন্য এই মহড়ার বিশেষ গুরুত্ব রয়েছে। এবারের সংস্করণে বহু দেশের বায়ুসেনা অংশ নিচ্ছে। যেখানে বৃহৎ আকারের যৌথ বিমান অভিযান ও বহুজাতিক এয়ার কমব্যাট অপারেশন পরিচালনার অনুশীলন হবে।
ভারতীয় বায়ুসেনার প্রতিনিধিদলে রয়েছেন দক্ষ পাইলট, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, কন্ট্রোলার এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ আধিকারিকরা। মহড়ায় ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান অংশ নেবে। পাশাপাশি লজিস্টিক ও অপারেশনাল সহায়তায় থাকবে সি-১৭ গ্লোবমাস্টার-III পরিবহণ বিমান এবং আইএল-৭৮ এয়ার-টু-এয়ার রিফুয়েলিং বিমান।
প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, এই মহড়া দীর্ঘ দূরত্বে অভিযান পরিচালনার সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি বিভিন্ন দেশের বায়ুসেনার মধ্যে সমন্বয়, যৌথ অভিযান পরিচালনার দক্ষতা এবং অপারেশনাল অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দেবে। একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পেশাদার সামরিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনা এর আগে ২০১৮, ২০২২ এবং ২০২৪ সালের ‘পিচ ব্ল্যাক’ মহড়ায়ও অংশ নিয়েছিল। ধারাবাহিকভাবে এই মহড়ায় অংশগ্রহণ ভারতের আঞ্চলিক নিরাপত্তা, বহুপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতিকেই আরও শক্তিশালী করছে।
















