আজকাল ওয়েবডেস্ক: কেটে গিয়েছে দীর্ঘ ২২ বছর। অবশেষে ফিরে পেলেন হারানো পরিবারকে। অসাধ্য সাধন করেছে গুগল ম্যাপ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।
ওই যুবকের নাম বাবলু শর্মা। জানা গিয়েছে, তিনি ২০০২ সালের জুন মাসে বাড়ি ছাড়েন। হারিয়ে গিয়েছিলেন তিনি। ভুলেছিলেন বাড়ির পথ। মনে করতে পারেন বাবার নাম সুখদেব শর্মা এবং মায়ের নাম আঙ্গুরী দেবী। আর মনে ছিল গ্রামের নাম ধানউড়া।
এরপর পেরিয়েছে বহু বছর। ২০২৪ সালের মার্চ মাসে তিনি পুলিশের দ্বারস্থ হন। অনুরোধ জানান তাঁকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য।
পুলিশ তাঁকে নাম পরিচয় জিজ্ঞেস করলে তিনি বলেন ট্রেনে করে দিল্লি এসেছেন। এরপর আর কিছুই বলতে পারেন না। পুলিশ সাহায্য নেয় গুগল ম্যাপের। পাওয়া যায় বিজনোর, বাগপত এবং বুলন্দশহর এই তিন জেলায় ধানৌরা নামে গ্রাম রয়েছে। কোনটা বাবলু শর্মার গ্রাম সেটা বোঝার জন্য আবার জিজ্ঞাসাবাদ করে তাঁকে। কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর সে বলে ধানৌরা, চোলা রেলস্টেশনের কাছে। এরপর পুলিশের নেটওয়ার্ক পৌঁছে যায় ওই গ্রামে। সেখানকার থানা জানায়, সুখদেব শর্মা বলে এক ব্যক্তি, তাঁর ছেলে হারিয়ে গিয়েছে এই মর্মে কয়েক বছর আগে থানায় এফআইআর দায়ের করেছিল। পুলিশ তখন ছবি দেখালে সুখদেব শর্মা চিনতে পারেন ছেলেকে।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পরিবার ফিরে পান বাবলু শর্মা। ছেলেকে ফিরে পেয়ে বাবা সুখদেব শর্মা জানিয়েছেন, এত বছর বাদে ছেলেকে ফিরে পাবেন এ আশা ছেড়েই দিয়েছিলেন। পুলিশ তাঁর ছেলেকে যেভাবে ফিরিয়ে দিয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ।
















